ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে নিজেদের কর্মস্থলে দুর্ঘটনায় গত বুধবার বিকেলে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর সময় সেটি তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহতরা হলেন মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ এ খবর প্রকাশ করেছে।
‘ল্য ডেফি মিডিয়া’-এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানের কর্মীরা কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাদের ওপর পড়ে যায়। তারা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন।
প্রতিটি কাচের পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাদের মরদেহ কোথায় কীভাবে রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।