মতলবে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে আটক করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিন, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা এবং কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেন'সহ ১২ জন।

এদিকে, শুক্রবার দুপুরে চাঁদপুর শহরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত