সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১০জন আহত হন। এর মধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান। অন্য পক্ষে আছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালিক।
যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার বলেন, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। আমাদের মিছিলের ওপর হামলা চালায় শাহজানের নেতৃত্বাধীন গ্রুপ।
অপর পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বলেন, মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন এসে সেখানে হামলা চালিয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী বলেন, দুটি মিটিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।