চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বীমা দাবি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

দীর্ঘদিন অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ রবিবার বীমা দাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে ৫টি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন গ্রাহককে (পলিসিধারী) ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। গতকাল শনিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে এ তথ্য জানানো হয়েছে। বীমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

আইডিআরএ-এর তথ্য অনুযায়ী,  বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪১ জন পলিসিধারীকে ৭ লাখ টাকা পরিশোধ করবে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৭৪ জন পলিসিধারীর অনুকূলে ৮ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করবে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা পরিশোধ করবে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে ৫ কোটি টাকা দেবে। এছাড়া, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৪৪ জন গ্রাহকের বীমা দাবি হিসেবে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করবে।

আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইডিআরএ-এর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত