নওগাঁয় শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি কয়েকটি বাস দাঁড়ানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গ্যারেজে বাস দুটিতে মেরামতের কাজ চলছিল। কাজ করার সময় কয়েল জ্বালানো, ঝুট পড়া কিংবা বিড়ি-সিগারেট খাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আবার কয়েলের আগুন থেকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা নাইটগার্ডের বরাত দিয়ে ওসি আরও জানান, কাউকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে দেখেননি তিনি।
রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬ ঘর ও দুই দোকান
কুড়িগ্রামে আগুনে পুড়ল ছয় দোকান