ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ
ইনস্টিটিউট অব ওমেন অ্যান্ড চাইল্ড হেলথ ও এডব্লিউসিএইচ।
দ্রুত নগরায়ণ ও পরিবর্তিত জীবন পদ্ধতির কারণে বিশ্বে দ্রুত বর্ধনশীল স্বাস্থ্য চ্যালেঞ্জ হচ্ছে ডায়াবেটিস। ২০৫০ সাল নাগাদ এ রোগে আক্রান্তের হার ৮৫৩ মিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অনিরাময়যোগ্য এ রোগের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ না
থাকলেও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে, যা হতে পারে মারাত্মক। প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়। দিবসটির এবারে প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দ্রুত শনাক্তকরণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো, দ্রুত ও সঠিক সময়ে চিকিৎসা নিশ্চিত করা, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই প্রতিপাদ্যের লক্ষ্য। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ২০২৬ সালের বৈশ্বিক গবেষণা অনুসারে, ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৪ জন মানুষই জানেন না যে এই রোগে ভুগছেন।
ওজন আধিক্য, কায়িক শ্রমের ঘাটতি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কোলেস্টরল আধিক্য, উচ্চরক্তচাপ, পারিবারিক ইতিহাস, চল্লিশোর্ধ্ব ব্যক্তি এদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি। ঝুঁকিপূর্ণদের অবশ্যই ডায়াবেটিস নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা জরুরি। আইডিএফ (ওউঋ)-এর ২০২৬ সালের অনলাইন সমীক্ষায় উঠে এসেছে কিছু রূঢ় বাস্তবতা। উচ্চ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা সত্ত্বেও ৮৪% মানুষ নিজেদের সম্পূর্ণ সুস্থ মনে করেন এবং মাত্র ১৫% মানুষ বিশ্বাস করেন যে তাদের ডায়াবেটিস হতে পারে। অনেকেই ডায়াবেটিস ধরা পড়ার ভয়ে পরীক্ষা করাতে চান না। আর্থিক সীমাবদ্ধতা, সুস্থবোধ করা, ডাক্তার বা ল্যাবের অ্যাপয়েন্টমেন্ট সহজে না পাওয়া ডায়াবেটিস স্ক্রিনিং বা রক্ত পরীক্ষা না করানোর পেছনে প্রধান কারণ বা বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আমাদের করণীয়
সুষম খাদ্যাভ্যাস : অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার ডায়েটে যুক্ত করা।
শারীরিক পরিশ্রম : অলস জীবনযাপন বাদ দিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করা।
ওজন নিয়ন্ত্রণ : শরীরের অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
নিয়মিত ব্লাড গ্লুকোজ পরীক্ষা : বয়স ৩৫ বছরের বেশি হলে বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে, লক্ষণ না থাকলেও বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করা উচিত।
ডায়াবেটিস দ্রুত শনাক্তকরণ, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান এবং ঝুঁকি কমানোর লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। ডায়াবেটিসের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিলে জীবন বাঁচাবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি ব্যয় হ্রাস করবে। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অবৈজ্ঞানিক ডায়েট (যেমন কিটো ডায়েট), মরিঙ্গা বা হারবাল ওষুধ সেবন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া বা অনিয়মিত চিকিৎসা গ্রহণ আপনাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।