ইনসুলিন মানবদেহের অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত গুরুত্বপূর্ণ হরমোন। এটি রক্তের গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে, যা শরীরের শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ১৯২১ সালে কানাডার বিজ্ঞানী ফ্রেডরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট ইনসুলিন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে জে জে আর ম্যাকলিওড ও জেমস কলিপও এই গবেষণায় অবদান রাখেন।ডায়াবেটিস হলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা উৎপাদিত ইনসুলিন ঠিকমতো কাজ করে না। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন গ্রহণ জরুরি। টাইপ-২ ডায়াবেটিসের কিছু রোগীর ক্ষেত্রেও রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন প্রয়োজন হয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, অতিরিক্ত গ্লুকোজজনিত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে । শরীরের স্বাভাবিক বিপাকীয় কার্যক্রম বজায় রাখে।
ইনসুলিনের কার্যকারিতার সময় অনুযায়ী প্রধানত ছয় ধরনের ইনসুলিন রয়েছে। এগুলো হলো র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, আলট্রা লং অ্যাক্টিং এবং প্রিমিক্সড ইনসুলিন। কোন রোগীর জন্য কোন ধরনের ইনসুলিন প্রয়োজন, তা নির্ভর করে তার শারীরিক অবস্থা ও রক্তে শর্করার মাত্রার ওপর। চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিনের ধরন বা মাত্রা পরিবর্তন করা উচিত নয়।