নিজেদের ২৬ বছরের টেস্ট ইতিহাসে ভারত ও দক্ষিণ আফ্রিকা, এই দুই প্রতিপক্ষের বিপক্ষে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর আরেকটি সুযোগ সামনে এসেছে। আজ জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। তবে জয় তুলে নেওয়ার পথটা মোটেও সহজ নয়। একদিকে প্রোটিয়াদের ঘরের মাঠে দীর্ঘ ১৬ বছরের হারের ইতিহাস, অন্যদিকে গতি ও বাউন্সে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার সামর্থ্যসম্পন্ন ভয়ংকর পেস আক্রমণ।
পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের এই স্বপ্নযাত্রার সামনে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে। দুই দলের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রাপ্তি মাত্র দুটি ড্র। বাকি ১৪ ম্যাচেই হারতে হয়েছে। এই পরাজয়ের ৯টিই এসেছে ইনিংস ব্যবধানে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সুযোগ পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ক্ষেত্রে বারবারই পিছিয়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সের চিত্র আরও হতাশাজনক। প্রোটিয়াদের কন্ডিশনে খেলা আটটি টেস্টের সবগুলোতেই হয়েছে সফরকারীরা। এর মধ্যে পাঁচটিতে পরাজয়ের ব্যবধান ছিল ইনিংসের। শুধু দলীয় ফল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের সংগ্রাম স্পষ্ট। সেখানে অন্তত ৫ ইনিংস খেলেছেন এমন কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাটিং-গড় ২৫-এর ঘরও পেরোতে পারেনি। ২৪.২৭ গড় নিয়ে এই তালিকায় সবার ওপরে লিটন দাস।
এর পেছনে বড় ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকার উইকেটের স্বাভাবিক বৈশিষ্ট্য। অতিরিক্ত গতি, অসমান বাউন্স এবং পেসারদের জন্য সহায়ক পরিবেশ বরাবরই এশীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার ফেলেছে। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের সাম্প্রতিক পরিসংখ্যানও সেই বাস্তবতারই প্রতিফলন। এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত সর্বশেষ ৭ ম্যাচের ৯০ শতাংশ উইকেটই নিয়েছেন পেসাররা। ফলে এবারও বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
এমন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ, যার আগে নিজেদের ঘরের মাঠেই খুব একটা স্বস্তিতে ছিল না দলটি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে শান্তর দল। এবার দক্ষিণ আফ্রিকার মতো গতিময় উইকেটে আরও বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।
তবে সব হিসাব যে বাংলাদেশের বিপক্ষেই যাচ্ছে, এমনটিও নয়। গত কয়েক মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি উইকেটে সিরিজ ড্র করার অভিজ্ঞতা এবং পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস দলের জন্য ইতিবাচক দিক। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো বিশ্বমানের পেসারদের মোকাবিলা করার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।
ব্যাটসম্যানদের সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলের সঙ্গে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে। ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পাওয়া এই কোচের মূল লক্ষ্য প্রোটিয়া কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুত মানিয়ে নেওয়ার উপযোগী করে তোলা। দলের সঙ্গে যোগ দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন, সেখনকার উইকেটে শুরু থেকেই সতর্ক ও পরিকল্পিত ব্যাটিং করতে হবে। উইকেটের আচরণ বুঝতে সময় নেওয়ার সুযোগ নেই।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পেস-সহায়ক উইকেটে তারা তিনজন পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেটেও স্পিনারদের কার্যকর ভূমিকা এবং জোহানেসবার্গের শেষ টেস্টে
প্রোটিয়া স্পিনারদের সাফল্য তাদের এই ভাবনায় প্রেরণা জুগিয়েছে।
ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে কে নামবেন, সে বিষয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শান্ত। বাঁহাতি তানজিদের সঙ্গে ডান-বাম কম্বিনেশন এবং ঘরোয়া ক্রিকেটের ফর্ম বিবেচনায় স্কোয়াডে থাকা তরুণ মাহফিজুল ইসলাম রবিন বড় একটা বিকল্প হতে পারেন। এ ছাড়া দলের ব্যাটিং গভীরতা বাড়াতে মুমিনুল হক ও তাওহীদ হৃদয়ের মতো ব্যাটারদের নিয়ে পার্ট-টাইম বোলিং অপশন প্রস্তুত রাখা হচ্ছে।
ব্যক্তিগত মাইলফলক বা একক কোনো ক্রিকেটারের ওপর নির্ভর না করে পুরো দলের সম্মিলিত দায়িত্বশীলতার ওপর জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক। প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে বোলাররা ম্যাচ জমিয়ে তুলবে বলে বিশ্বাস তার। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি হাতছানি দিচ্ছে দলকে। অতীতের ব্যর্থতা ভুলে মাঠে সেরা পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শান্ত।
অন্যদিকে, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে মুখিয়ে থাকা প্রোটিয়ারা পূর্ণ সতর্কতা অবলম্বন করছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানান, বাংলাদেশের পেস আক্রমণকে তারা যথেষ্ট সম্মান করছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের লড়াইয়ের মানসিকতা এবং সাম্প্রতিক বছরগুলোতে তাদের উন্নতি প্রোটিয়াদের নজর এড়ায়নি।
ওয়ান্ডারার্সের চেনা পিচে চার পেসার ও এক স্পিনার নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। পিচের কন্ডিশন এবং বাংলাদেশের স্পিন আক্রমণ, বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে সামলানো নিয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন বাভুমা। প্রতিপক্ষকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গাগুলো পুরোপুরি কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।