প্রথম ব্যাট, প্রথম প্রেম—৪৯ বছর পরও টেন্ডুলকারের সাথেই আছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৩৭ বছর পূর্তি উপলক্ষে এক অনন্য ও আবেগঘন উপায়ে দিনটি উদযাপন করলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। নিজের জীবনের প্রথম ক্রিকেট ব্যাটটি হাতে নিয়ে শৈশবের একটি আইকনিক ছবির আদলে নতুন করে ছবি তুলেছেন ‘মাস্টার ব্লাস্টার’।

১৯৮৯ সালের আজকের এই দিনে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে করাচিতে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। দীর্ঘ সময় ধরে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তিনি। তবে চলতি বছরের শুরুর দিকে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়ে শচীনের সেই রেকর্ড ভেঙে দেন বৈভব সূর্যবংশী।

শচীন টেন্ডুলকারের ক্রিকেট যাত্রার কথা উঠলেই লম্বা চুলে ব্যাট হাতে বল মোকাবিলার প্রস্তুতি নেওয়া ছোট্ট শচীনের সেই পুরোনো ছবিটি সবার আগে চোখের সামনে ভেসে ওঠে। ছবিটি মূলত এক বিস্ময়বালকের বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা আইকন হয়ে ওঠার সূচনালগ্নকে ধারণ করে রেখেছে।

কয়েক দশক পর আজ ৫৩ বছর বয়সে এসে শৈশবের সেই ঠিক একই ব্যাটটি হাতে নিয়ে পুরোনো ছবির ভঙ্গিতেই নতুন করে পোজ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে শচীন আবেগঘন ক্যাপশনে লিখেছেন, "প্রথম ব্যাটের কথাই আলাদা, ৪৯ বছর পরও এটি আমার সাথেই আছে!"

নিজের সময়ের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটার এবং আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারকে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা আইকন হিসেবে গণ্য করা হয়। টেস্ট এবং ওয়ানডে—উভয় ফরম্যাটেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। অথচ অবাক করার মতো বিষয় হলো, ক্যারিয়ারের প্রথম ৭৮টি ওয়ানডে ম্যাচে কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি; প্রথম শতকটি এসেছিল ৭৯তম ম্যাচে।

আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ৩৪,৩৫৭ রান নিয়ে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শচীন। পুরো ক্যারিয়ারে তিনি একের পর এক রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছেন, যা আজও ব্যাটিং শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

ভক্তদের কাছে ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচীন ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। অবসরের সময় টেস্টে তাঁর সংগ্রহে ছিল ১৫,৯২১ রান, ৫১টি সেঞ্চুরি এবং ২,০৫৮টি চার—যার সবকটিই ছিল বিশ্বরেকর্ড। এছাড়া মাত্র ৩০০ ইনিংসে দ্রুততম ১৫,০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করার কৃতিত্বও তাঁর দখলে।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে ৪৪.৮৩ গড়ে ১৮,৪২৬ রান করেছেন শচীন, যেখানে রয়েছে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরি। মিডল অর্ডার ব্যাটার থেকে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ওপেনারে নিজেকে রূপান্তরিত করে তিনি ওপেনিং ব্যাটিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন।

দলীয় সাফল্যের ঝুলিতেও শচীনের অর্জন কম নয়। তিনি ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি; ৪৫টি বিশ্বকাপ ম্যাচে ৫৬.৯৫ গড়ে ২,২৭৮ রান করেছেন শচীন, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি (সর্বোচ্চ ১৫২ রান)।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত