যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ফের উত্তেজনা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল রবিবার এ খবর জানিয়েছে। এর পরপরই সম্ভাব্য হুমকির বিষয়ে দুটি সতর্কতা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে এ ধরনের প্রথম সতর্কবার্তা দেওয়া হলো। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাবে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের কর্র্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

রবিবার এক বিবৃতিতে আইআরজিসি এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযানের ‘দ্বিতীয় পর্যায়’ বলে অভিহিত করে। এতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার পাহারা দিয়ে পার করার তথাকথিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথটি যে বন্ধ হয়ে আছে, সেই আসল সত্য থেকে বিশ্বের নজর ঘোরাতে তারা ছোটখাটো ও উদ্দেশ্যহীন কিছু পদক্ষেপ নিচ্ছে।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি জোর দিয়ে বলেছে যে হরমুজ প্রণালি এখনো বন্ধ আছে আর যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রসনের জবাব আরও ‘কঠোর ও জোরালোভাবে’ দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করা হচ্ছে।, আগের পর্যায়ের তুলনায় এই পর্যায়ে ওয়াশিংটনের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আইআরজিসি আরও বেশি সংখ্যক ড্রোন মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধÑ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানি বাহিনী তার কড়া জবাব দেবে। সংঘাতের ভৌগোলিক পরিসরও নির্ধারণ করবে ইরানের বাহিনী। গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধে যেতে চায় এ নিয়ে ইরানের কিছু যায় আসে না। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ খোলা রয়েছে। এসব শর্তকে তিনি ‘যৌক্তিক’ বলে বর্ণনা করেন।

ইরানের কাছে প্রায় আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

ইরানের কাছে প্রায় দেড় থেকে আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। কর্মকর্তারা সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরানের সমরাস্ত্রের হিসাব রাখা কঠিন হওয়ায় এটি একটি ‘কম নির্ভরযোগ্য মূল্যায়ন’। তবে এটা স্পষ্ট যে ইরান সরকারের কাছে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্রাগারের এই সম্ভাব্য আকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরানে হামলা চালানো উচিত হবে কি না, তা নিয়ে প্রশাসনকে নতুন করে ভাবতে হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারাও বিশ্বাস করেন তেহরানের কাছে ১ হাজার ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এবং উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান আরও বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালকে ওই কর্মকর্তা বলেন, ‘তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং নতুন করে অস্ত্র সজ্জিত হচ্ছে’। গত সপ্তাহে ইরান একটি নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ বা মিসাইল সিটি উন্মোচন করেছে। সে সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গকে গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানে ইরানের প্রচলিত সামরিক বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেলেও, দেশটির হাতে সম্ভবত অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। এছাড়া তারা প্রতি মাসে আরও ৫০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত