বাল্যবিবাহ ঠেকাতে নিকাহ রেজিস্ট্রারদের সতর্ক করলেন ইউএনও

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বেআইনিভাবে নোটারির মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনার কথা জানান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

ইউএনও বলেন, আগের তুলনায় বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের আয়োজন করা হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধক এবং উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত