কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত লকডাউন ও ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা এবং যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কে হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. মোকাম্মেল হোসেন বলেন, যাত্রী ও যানবাহনে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। একটি এসি বাসের দাম এক কোটি টাকার বেশী। পুড়িয়ে দিলে সেই টাকা কে দেবে? যাত্রীদের কি হবে? মূলত গত কয়েকদিনের ঘটনা সবার মাঝে আতঙ্ক তৈরি করেছে। তবে বিকল্প রুট দিয়ে মানুষ ঢাকায় যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরিবহন চালু করা হবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের খুলনা থেকে ঢাকা গামী সব রুটে বাস ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকেই খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিনের সব সিডিউলও বাতিল করা হয়। বুধবার সন্ধ্যায় যশোর-আরিচা-ঢাকা রুটে কিছু পরিবহন চলাচল করলেও বৃহস্পতিবার সকাল থেকে সব রুট বন্ধ ঘোষণা করা হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটেও বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-কয়রা রুটের গাড়ি চলাচল করছে।
নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকার পরিবহনগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শেষটার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার বিকালে ছাত্রদল ও যুবদলের সাবেক নেতারা টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টার থেকে টুঙ্গিপাড়া শব্দ মুছে দেওয়ার পর কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা রুটের অন্য পরিবহন কাউন্টারের একাংশ বন্ধ দেখা গেছে।
পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা রুটটি জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকায় যাওয়ার কারণে এই রুটে নতুন পরিবহন ও এসি বাসের সংখ্যা বেড়েছে। যাত্রীও কয়েকগণ বেড়েছে। গোপালগঞ্জের ওপর দিয়ে বাস চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় মালিকরা বাস চালাতে রাজি হচ্ছেন না।
ফাল্গুনী পরিবহন সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্রিম যারা টিকিট নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অন্যান্য কাউন্টার ঘুরে একই দৃশ্য দেখা গেছে।