বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বিরোধী দল তাদের দাবি আদায়ে রাজপথে কর্মসূচিও পালন করেছে। এর মধ্যে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়েছে এবং তা চলমান আছে। ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় সংসদে ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আহ্বানে সাড়া দিয়েছে বিরোধী দল। বিএনপির পাশাপাশি রাজপথে ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিরোধী দলকে কাছে টানার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন প্রধানমন্ত্রী তাদের সহযোগিতা চেয়েছেন। জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও পাশে থাকবে বলে আশা করি। সবার আগে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে হবে। ফ্যাসিবাদ রুখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। নির্দেশ মেনে সংসদ সদস্যরাও সংসদ অধিবেশন শেষে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।’ 

এর আগে গত বুধবার মাগরিবের নামাজের বিরতিতে জাতীয় সংসদে শীর্ষ দুই নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে দুই নেতা একমত হন। তবে বিষয়ে বিএনপি কিংবা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে শীর্ষ দুই নেতার বক্তব্যে তাদের মধ্যে ঐকমত্যের বিষয়টি স্পষ্ট হয়েছে। সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দূরত্ব কমেছে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগের ঐক্যে ফিরে আসার আহ্বান জানান। এ সময় তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদের আলোকে দ্রুত সংস্কার ও বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এতে ঐক্য আরও সুদৃঢ় হবে। বিরোধীদলীয় নেতার সঙ্গে সুর মিলিয়ে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীও ফ্যাসিবাদবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশকে আবারও তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তারা দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আবার দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং পরাজিত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে এসে দাঁড়াতে হবে।’ এ সময় প্রথমবারের মতো বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন দেন। এ ঘটনা দুই দলের কাছাকাছি আসার বিষয়টি স্পষ্ট করে। অধিবেশন শেষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করতে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। 

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘সংবিধান সংস্কার, গণভোটসহ আমাদের যে দাবি রয়েছে, সেগুলো থাকবে। সে দাবি আদায়ে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সবার আগে প্রাধান্য পাবে। তাই এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে রয়েছি এবং থাকব।’

আন্দোলন দমনে সরকারের পদক্ষেপ : আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মসূচি দমনে সরকার মানবাধিকার বজায় রেখে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো ধরনের ক্রসফায়ার, গুম বা রিমান্ডে নির্যাতন ছাড়াই মানবাধিকারের সীমার মধ্যে থেকে যেকোনো নাশকতা ও অস্থিরতা প্রতিহত করা হবে।’ এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টিকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি না চালানোর নীতি অবলম্বন করবে সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ¦ালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ গোপালগঞ্জে সারা দেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করে তা-ব চালিয়েছে। তারা লাশ চেয়েছিল, কিন্তু সরকার তাদের ফাঁদে পা দেয়নি। সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। তবে সন্ত্রাসী কর্মকা-ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।’

যেসব বিষয়ে সরকার ও বিরোধী দলে দূরত্ব : গণভোটে অনুমোদিত ‘জুলাই সনদ’ হুবহু বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অন্যদিকে বিএনপি এই সনদে থাকা বেশ কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণ করে। এর মধ্যে সংবিধান পরিবর্তনের ধরন নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন। জামায়াত সংবিধানে ব্যাপক ও মৌলিক সংস্কারের দাবি জানালেও বিএনপি বিদ্যমান সংবিধানের কাঠামোর ভেতরেই প্রয়োজনীয় সংশোধন আনার পক্ষে। এই মতপার্থক্যের জেরে জামায়াতসহ বিরোধী দলগুলো সংসদে সংবিধান সংশোধনের উদ্যোগ বর্জন করে চলেছে। সংস্কার নিয়ে বিপরীতমুখী অবস্থানের মধ্যে সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই জামায়াত রাজপথে লংমার্চসহ কর্মসূচি বাস্তবায়ন করে। এ নিয়ে আপত্তি জানায় বিএনপি। বিএনপি নেতাদের মতে, যেকোনো মতপার্থক্য জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, রাজপথে অস্থিরতা তৈরি করা যৌক্তিক নয়। অন্যদিকে জামায়াতের দাবি সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং সংস্কার বাস্তবায়নে গড়িমসি করায় তারা রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

শুধু তাই নয়, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, জুলাই সনদ ও গণভোটের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতেই বিএনপি সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে এবং এ ধরনের অভিযোগ তুলছে। ভারতের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে ‘ক্ষমা করে দেওয়া’ সংক্রান্ত মন্তব্য নিয়েও বিএনপির মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, যার রেশ পরবর্তী রাজনীতিতেও প্রভাব ফেলে।

রাজপথে থাকার ঘোষণা ১১ দলীয় জোটের : ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা জানান, প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ঐক্যের উদ্যোগে ইতিবাচক সাড়া দিচ্ছে জামায়াতে ইসলামী ও দলটির জোট-সঙ্গীরা। আগামীকাল শনিবার আনুষ্ঠানিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছেন জোটের নেতারা। তাদের দাবি, জনগণের ম্যান্ডেট নিয়ে ছেলেখেলা না করলে এ পরিস্থিতি তৈরি হতো না। তাই সংকট সমাধানের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্ট ঘোষণা চায় দলগুলোর নেতারা।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে বিরোধীদলীয় নেতা ইতিবাচকভাবে নিয়েছেন। তবে ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি সামনে রাখতে হবে। আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি।

জোটের নেতাদের ভাষ্য, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের উদ্যোগকে তারা নাকচ করছেন না। কিন্তু গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে আপসের সুযোগ নেই। ফলে একদিকে ঐক্যের আলোচনা, অন্যদিকে সরকারের ওপর চাপ সৃষ্টি ও রাজপথে সক্রিয়তা এ দুই কৌশলেই এগোতে চায় জামায়াত ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপি ভুল বুঝতে পেরেছে। তারা ঐক্যের ডাক দিয়েছে। দু-একদিনের মধ্যে এনসিপি মাঠে নামবে। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন থেকে আমরা পিছপা হব না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত