বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের মাঝামাঝি এলাকার উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। তবে এর প্রভাব পরেছে বাংলাদেশেও। এতে উত্তাল হয়ে ওঠায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আজ দিনভর ঢাকাসহ দেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। তবে সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভানের কারণে মূলত এই বৃষ্টি হচ্ছে।
এদিকে সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার, সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ৬৫ মিলিমিটার।
বৃষ্টির কারণে গতকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আজও তাপমাত্রা কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, পূর্বাভাস অনুযায়ী আকভান উত্তর- উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে।
এর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা-সহ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কতাও জারি করা হয়েছে।
পুরী, গোপালপুর-সহ সমুদ্রতটবর্তী এলাকায় মাইকিং চলছে। ওড়িশার উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশেও তীব্র সতর্কতা জারি করা হয়েছে।
আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। পূর্ব উপকূল রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলওয়ে, এবং দক্ষিণ উপকূল রেলওয়ে একাধিক ট্রেনের সময়সূচিতে বদল এনেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত