পরিবেশবান্ধব কারখানা গড়ার ক্ষেত্রে আরও এগিয়েছে বাংলাদেশ। দেশে লিড সনদ পাওয়া সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। নতুন করে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। এর মধ্যে ৯টি কারখানা প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ পেয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা এখন বাংলাদেশে। শুধু তা-ই নয়, বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে।
নতুন করে সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ নম্বর পেয়েছে। প্রতিষ্ঠানটি প্লাটিনাম সনদ অর্জন করেছে।
নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলো হলো—ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, এল উসিন ফ্যাশন লিমিটেড ৮৫, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২, প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ৮২ এবং এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ নম্বর পেয়েছে।
অন্যদিকে গোল্ড সনদ পেয়েছে নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট ৬৮, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ নম্বর পেয়ে।
লিড সনদ দেওয়া হয় ভবনের পরিবেশবান্ধব নির্মাণ, বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর মতো বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে। এ সনদ কারখানার পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
সংশ্লিষ্টদের মতে, লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বাড়ার মধ্য দিয়ে দেশের পোশাক ও বস্ত্রশিল্পে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতি প্রকাশ পাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের গ্রহণযোগ্যতা বাড়াতেও এ অর্জন ভূমিকা রাখবে।