রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় গৃহবধূ ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, মৃত সাবার ছেলে আরিস রহমান মাহাদ ৫৭ শতাংশ, সাবার স্বামী মানিক ৬ শতাংশ, এছাড়া সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। শিশু মাহাদের অবস্থা আশংকাজনক। এছাড়া মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এদিকে, কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটনহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত