ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিতে শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ০১ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল খান (৬৮)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা হতে রমনা থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার হতে প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অস্ত্রধারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহমেদ (২১)। পরে গুলিবিদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে মৃত শিক্ষার্থী সাগর আহমেদ এর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানার মামলা নং-১৫, তারিখ-০৬/০২/২০২৫ খ্রি., ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করেন। 

সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তি এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে। 

মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত