গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে নতুন অতিথি হিসেবে ঠাঁই পেয়েছে মিঠাপানির একটি কুমির। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুর থেকে পাঁচ ঘণ্টার অভিযানে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশেষ ব্যবস্থায় কুমিরটিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার করা পুরুষ কুমিরটির দৈর্ঘ্য আট ফুটের বেশি এবং ওজন প্রায় ৭০ কেজি। বর্তমানে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রেখে সেটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিরটি আপাতত সুস্থ রয়েছে।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন ধরেই কুমিরটিকে দেখা যাচ্ছিল। পরপর বেশ কদিন কুমির দেখে লোকজন বন বিভাগে খবর দেয়।
খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশনায় তিনদিনব্যাপী অভিযান চালানো হয় কুমির উদ্ধারে। কয়েক দফা চেষ্টা করে বৃহস্পতিবার পাঁচ ঘণ্টা শ্বাসরোদ্ধকর এক অভিযানে কুমিরটিকে আমরা ধরতে পারি। পানিতে বিশেষ জাল ফেলে তাকে ধরা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসিম মল্লিক জানান, এটি বিলুপ্ত প্রজাতি। প্রকৃতিতে এদের বসবাস নাই। লাল তালিকা অনুযায়ী বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা আরও দুই মাস আগে খবর পাই। এরপর নজরদারি করি। মাঝখানে আবার দেখা যাচ্ছিলো না।
তবে কি করে এমন একটি পুকুরে তার দেখা মিলল সেটাই প্রশ্ন। পাশে শীতলক্ষ্যা নদী আছে সেখান থেকেও আসতে পারে। আমরা ধারনা করছি এটি কোনো ব্যক্তিমালিকানা রিসোর্টের নিজস্ব জলাশয়ে পালিত ছিল। কুমিরটি তুলনামূলক শান্ত স্বভাবের। মানুষের সংস্পর্শে দীর্ঘদিন থাকায় তার স্বভাবে ক্ষ্রীপতা কম। সে শান্ত আর নরম আচরণ করেছে তুলনামূলক। তাই এমন ধারনা করছি। হয়ত রিসোর্ট কর্তৃপক্ষ আইনি জটিলতা চিন্তা করে কৌশলে সরিয়ে পুকুরে রাখেন। সবই এখনো ধারনা, তদন্ত চলছে। আপাতত কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
সাফারি পার্কের ওয়াইল্ড সুপার ভাইজার সরোয়ার হোসেন খান জানান, মিঠা পানির কুমির বা স্বাদুপানির কুমির এটি। এরা নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। পার্কের একটি বেষ্টনীতে রাখা হয়েছে। এরা মাংসাশী। মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, ছোটপ্রাণী শিকার করে খায় এরা।
মিঠা পানির কুমির লাজুক স্বভাবের হয়। এরা শীতের শুরুর দিকে প্রজনন কাল শুরু হয়। এর পর ৫৫ থেকে ৭৫ দিনে বাচ্চা ফুটে। আট থেকে চল্লিশটি ডিম পাড়ে এরা।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার (বৃহস্পতিবার) দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগের পক্ষ থেকে এ পুরুষ কুমিরটি পার্কে হস্তান্তর করেন। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। আপাতত কুমিরটি সুস্থ্য আছে। আলাদা নজরে রাখা আছে কুমিরটিকে। এ নিয়ে পার্কে কুমির সংখ্যা দাঁড়ালো ১০টিতে। যার আটটি লোনা পানির কুমির আর দুটি মিঠা পানির কুমির। লোনা পানির চারটি নারী চারটি পুরুষ। এটি অন্তত আট ফুটের বেশি লম্বা প্রায় সত্তর কেজি ওজন। পার্কে মিঠা পানির একটি পুরুষ অন্যটি নারী কুমির।