কালীগঞ্জে ইয়াবাসহ আটক, অভিযুক্ত রতনের ৪ মাসের কারাদণ্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার ও বোতলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে শুক্রবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ২১/২০২৬ নম্বর মামলা বিবেচনায় রতন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৮৬৩২৫২। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত