টিকু টিকটিকির যত প্রশ্ন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ এএম

ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের একটা মজার গল্প শোনাব। গল্প শুরুর আগে যার গল্প বলব, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।

তার নাম টিকু। টিকু টিকটিকি।

পোকাপল্লীর সবচেয়ে প্রশ্নবাজ প্রাণী!

টিকুর মাথায় সারাক্ষণ প্রশ্ন ঘুরপাক খায়। আকাশে মেঘ জমলে প্রশ্ন, বৃষ্টি নামলে প্রশ্ন, গাছের পাতা ঝরলেও প্রশ্ন!

তার সবচেয়ে প্রিয় প্রশ্ন

 কেন এমন হয়?

কোনো কিছু ঘটতে দেখলেই টিকুর মাথায় প্রশ্নের ঘণ্টা বেজে ওঠে।

টিং টং! টিং টং!

কারণ খুঁজে বের না করা পর্যন্ত তার শান্তি নেই!

এবার চলো, গল্প শুরু করা যাক!

শীতের সকাল।

সূর্যের নরম মিষ্টি রোদ এসে পড়েছে পোকাপল্লীর পুরনো আমগাছটার গায়ে।

টিকু আজ একটা বই নিয়ে বসেছে। আমগাছের রোদপড়া একটা জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে গা এলিয়ে দিয়েছে সে।

একদিকে রোদ পোহানো, অন্যদিকে বই পড়া একসঙ্গে দুই কাজ!

বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ নিজের ছবি খুঁজে পেল টিকু।

 একি! এ তো আমি!

পড়তে শুরু করল

পৃথিবীতে ৭,০০০-এরও বেশি প্রজাতির টিকটিকি আছে। এদের কারও আকার ছোট, কারও বড়। তবে সবাই সরীসৃপ প্রাণীর

দলে পড়ে।

 হুমম! আমি তাহলে সরীসৃপ! কিন্তু সরীসৃপ মানে কী?

এমন সময় টিকুর বন্ধু টিকি এসে হাজির।

 কী টিকু? আজ কী নিয়ে ভাবছ?

 টিকি, তুমি কি জানতে আমরা সরীসৃপ প্রাণী?

 না তো!

 এই দেখো, বইতে লেখা আছে। কিন্তু সরীসৃপ মানেই তো বুঝতে পারছি না!

 তাহলে চলো লাইব্রেরিতে যাই!

 গুড আইডিয়া! দাঁড়াও, গবেষণা ব্যাগটা

নিয়ে আসি।

কিছুক্ষণ পর বিশাল এক ব্যাগ নিয়ে

হাজির টিকু।

কী নেই সেই ব্যাগে! ম্যাগনিফাইং গ্লাস, পেন্সিল, রঙিন সাইনপেন, রোদচশমা, টুপি, পোকাপল্লীর ম্যাপ, ছোট্ট অণুবীক্ষণ যন্ত্র আর টিফিন বাক্সভর্তি পোকা!

 এত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারবে? টিকি জিজ্ঞেস করল।

 খুব পারব! গবেষণা করতে হলে

প্রস্তুতি লাগে!

টিকুর কা- দেখে টিকি ফিক করে

হেসে ফেলল।

দুজনে চার পায়ে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে এগিয়ে চলল।

খসখস! খসখস!

শুকনো পাতার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে

টিকি বলল

 আহা! গাছের পাতাগুলো গেল কোথায়?

 শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়। বসন্ত এলে আবার নতুন পাতা গজায়!

একটু এগোতেই দেখল, কয়েকটা পাখি গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে।

টিকি হঠাৎ দাঁড়িয়ে গেল।

 টিকু! আমরা রোদ পোহাই, পাখিরাও রোদ পোহায়। তাহলে পাখিরাও কি সরীসৃপ?

টিকু থমকে দাঁড়াল।

 হুমম! ভালো প্রশ্ন!

ব্যাগ থেকে খাতা বের করে লিখল

প্রশ্ন ১ : আমরা সরীসৃপ কেন?

প্রশ্ন ২ : পাখিরাও কি সরীসৃপ?

টিকি বলল

 আরেকটা লেখো! সব সরীসৃপ কি চার

পায়ে হাঁটে?

 ওরে বাবা! তোমার মাথাতেও দেখি প্রশ্নের ঘণ্টা বেজে উঠেছে!

দুজন হেসে উঠল।

অবশেষে লাইব্রেরিতে পৌঁছাল তারা।

লাইব্রেরিয়ান তাদের প্রাণী সম্পর্কে একটা বই খুঁজে দিলেন।

বই খুলেই টিকু পড়তে শুরু করল।

 এই দেখো টিকি! সরীসৃপদের শরীরে আঁশ থাকে। এদের শরীরের তাপমাত্রা আশপাশের পরিবেশের ওপর নির্ভর করে।

 মানে?

 মানে, শীতকালে ঠা-া বেড়ে গেলে আমাদের শরীরও ঠা-া হয়ে যায়। তাই আমরা রোদ পোহাই!

 ওহ্! তাহলে এ জন্যই শীতকালে রোদে বসতে এত ভালো লাগে!

টিকু আবার পড়তে শুরু করল।

 আরও মজার ব্যাপার! সাপও সরীসৃপ!

 কী বলো! সাপের তো পা-ই নেই!

 হ্যাঁ! কুমির, কচ্ছপ আর গিরগিটিও সরীসৃপ। সবার চলাফেরা আলাদা।

 তাহলে একই দলের প্রাণীদের দেখতে এক রকম হতে হবে, এমন কোনো কথা নেই?

 একদম!

টিকি জিজ্ঞেস করল

 আর পাখি?

 পাখিরা আলাদা দলে পড়ে। তাদের পালক আছে। শুধু রোদ পোহালেই কেউ সরীসৃপ হয়ে যায় না!

টিকি মাথা নাড়ল।

 বুঝেছি!

এমন সময় টিকুর পেট থেকে শব্দ হলো

গুড়গুড়! গুড়গুড়!

 ওরে! আমার তো খিদে পেয়েছে!

টিকি বলে উঠল

 তাহলে আগে খাওয়া! আর কোনো

গবেষণা নয়!

দুজনে লাইব্রেরি থেকে বেরিয়ে আমগাছের

নিচে বসল।

টিকু টিফিন বাক্স খুলতেই টিকির চোখ বড় বড় হয়ে গেল।

 ওয়াও! এত পোকা!

 মা বলেছে, গবেষণা করতে গিয়ে যেন খাওয়ার কথা ভুলে না যাই!

খাওয়া শেষে বাড়ির পথে রওনা দিল তারা।

হঠাৎ টিকি চেঁচিয়ে উঠল

 টিকু! ওই দেখো! গাছের ডালে কী

যেন নড়ছে!

টিকু ম্যাগনিফাইং গ্লাস বের করল।

 আরে! এ তো গিরগিটি!

 গিরগিটিও তো আমাদের মতো সরীসৃপ! তাই না?

 হ্যাঁ! দেখো, ওরও গায়ে আঁশ আছে!

ঠিক তখনই গিরগিটিটা ডালের আড়ালে

সরে গেল।

 আরে! কোথায় গেল? টিকি অবাক হলো।

টিকু খাতা বের করল।

গিরিগিটি নিয়ে আরও কিছু প্রশ্ন খাতায়

লিখে রাখল।

টিকি হেসে বলল

 আজ আর কত প্রশ্ন লিখবে?

 যত প্রশ্ন আসে!

তাহলে আগামী সপ্তাহে চল আবার যাই, লাইব্রেরিতে!

আর এখন সোজা বাড়ি।

হাঁটতে হাঁটতে টিকি জিজ্ঞেস করল

 আচ্ছা, আজ আমরা কী শিখলাম?

টিকু গুনতে শুরু করল

 আমরা সরীসৃপ। আমাদের গায়ে আঁশ আছে। শরীরের তাপমাত্রা পরিবেশের ওপর নির্ভর করে। আর সব সরীসৃপ দেখতে এক রকম নয়!

টিকি যোগ করল

 আর সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া

যায় না!

একদম ঠিক! উত্তর পেতে পড়তে হয়, দেখতে হয়, খুঁজতে হয়!

বাড়ির কাছাকাছি এসে হঠাৎ টিকু দাঁড়িয়ে গেল।

 আচ্ছা টিকি, আমরা দেয়াল বেয়ে হাঁটতে পারি, কিন্তু মানুষ কেন পারে না?

টিকি মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল

 ওরে বাবারে! আবার কেন!

টিকু হেসে বলল

 কী করব বলো! প্রশ্নগুলো যে এমনিতেই মাথায় চলে আসে!

ঠিক আছে! আগামী সপ্তাহে দেয়াল বেয়ে হাঁটার রহস্য খুঁজব। কিন্তু এখন বাড়ি!

দুজনে লেজ নাড়তে নাড়তে বাড়ির দিকে এগিয়ে চলল।

আর টিকুর মাথায়?

টিং টং! টিং টং!

আবার প্রশ্নের ঘণ্টা বেজে উঠেছে!

কারণ টিকুর কাছে একটা প্রশ্নের উত্তর পাওয়া মানেই নতুন আরেকটা প্রশ্নের শুরু!

সর্বশেষ সর্বাধিক পঠিত