রাতটা শুরু হয়েছিল ঐতিহাসিক এক মাইলফলকের আরও কাছাকাছি যাওয়ার আনন্দে, কিন্তু শেষ হলো অনাকাঙ্ক্ষিত রেকর্ড আর হারের হতাশায়। গতকাল শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ক্যারিয়ারের ৯৮৬তম গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো; তবে মাত্র চার মিনিট পর পেনাল্টি মিস করে বসেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।
সেই মিসই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, এগিয়ে যাওয়ার পর এক এক তিন গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে বসে নাসর, আর রোনালদোর নামের পাশে যুক্ত হয় এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এটিই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। শুরুটাও করেছিলেন রাজকীয় ভঙ্গিতে; ম্যাচের ১৫ মিনিটের মাথায় আল আহলির রক্ষণভাগের ভুল পাসে বল পেয়ে যান সামু কস্তা ও ফেলিক্সরা, আর সেখান থেকে বল পেয়ে প্রথম স্পর্শেই নিখুঁত শটে দূরের কোণা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মৌসুমে ক্লাবের হয়ে তাঁর দশম গোল এবং আল আহলির বিপক্ষে লিগে পঞ্চম গোল, যা তাঁকে আল নাসরের হয়ে আল আহলির বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ আল সাহলাবি ও অ্যান্ডারসন তালিস্কার পাশে বসায়।
তবে ইতিহাস গড়ার হাতছানি মুহূর্তেই রূপ নেয় আক্ষেপে। প্রথম গোলের চার মিনিট পরই বক্সের ভেতর ফাউলের শিকার হন আল নাসরের খেলোয়াড়, আর স্পট কিক নিতে আসেন রোনালদো। আল আহলি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে ভুল দিকে পাঠালেও রোনালদোর জোরালো নিচু শট পোস্টে লেগে ফিরে আসে। বল পোস্টে লাগার পর অবিশ্বাস আর কান্নাভেজে চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন রোনালদো।
এই পেনাল্টি মিসে শুধু আল আহলির বিপক্ষে আল নাসরের একক সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগই হারাননি তিনি, অপ্টার পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি লিগে যোগ দেওয়ার পর প্রথমবার টানা দুটি লিগ পেনাল্টি মিস করার অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েন। এর আগে গত ২০ অক্টোবর নিওমের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি, ফলে পুরো গত মৌসুমের সমান দুটি পেনাল্টি মিস হয়ে গেল চলতি মৌসুমের শুরুতেই।
রোনালদোর সেই মিসের সুযোগ নিয়েই ম্যাচে ফেরে আল আহলি। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যালেনোর দুর্দান্ত শটে সমতায় ফেরে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে পেনাল্টি থেকে ইংলিশ স্ট্রাইকার আইভান টনি গোল করে আল আহলিকে এগিয়ে দেন, যা মৌসুমে তাঁর ১৪তম গোল। এর মাত্র তিন থেকে চার মিনিট পর কর্নার থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজের হেডে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আল আহলি।
এই হারে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানেই থাকল আল নাসর, যা শীর্ষে থাকা আল হিলালের চেয়ে দুই পয়েন্ট কম; আর জয় নিয়ে ২৪ পয়েন্টে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।
ম্যাচ হারের হতাশার মাঝেও পেশাদার ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ১৪ গোল দূরে দাঁড়িয়ে আছেন রোনালদো। আগামী ২৪ নভেম্বর এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল, আর ২৮ নভেম্বর সৌদি প্রো লিগে তাঁদের প্রতিপক্ষ আল হাজেম।