শ্রমিক দল নেতার কার্যালয়ে অগ্নিসংযোগ, সিসিটিভিতে তিন মুখোশধারী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণদী বাজারে মো. বাদশা মিয়ার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়।

স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে কেরোসিনের বোতল হাতে মুখোশধারী তিন ব্যক্তিকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে কার্যালয় খুলতে এসে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে ছিলেন। পরে সবাই বাড়িতে চলে যান। সকালে এসে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পারেন।

তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে উপজেলা শ্রমিক দল তৎপর রয়েছে। এ কারণে তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত