গাইবান্ধায় টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। জমিতে পাকা ধান কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাটা ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। জমিতে জমতে শুরু করেছে বৃষ্টির পানি। এতে ভিজে থাকা ধানে চারা গজানো এবং খড় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধান ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিক খরচের বোঝাও বাড়ছে। এদিকে বৃষ্টির কারণে আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেল থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি, যা এখনো অব্যাহত রয়েছে। ফলে জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজছে। আগামী দুই-এক দিনের মধ্যে রোদ না উঠলে ধানে চারা গজিয়ে ফসল নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২৯ হেক্টর জমির ধান কাটা হয়েছে। চলমান বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর জমির ধান কেটে রাখা হয়েছে, যা বৃষ্টির পানিতে ভিজছে।
এ বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪০৬ হেক্টর জমিতে। ইতিমধ্যে ১ হাজার ৩৯৮ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে।
কৃষি বিভাগ বলছে, বৃষ্টির কারণে আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আলু রোপণের জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু লাগানো সম্ভব। ইতিমধ্যে যেসব জমি প্রস্তুত করা হয়েছে, বৃষ্টিতে সেগুলোরও তেমন ক্ষতি হবে না।
পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ী গ্রামের কৃষক আমিরুল ইসলাম (ছোট) জানান, গ্রামের আশপাশে তার দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ ছিল। বুধবার ধান কাটা শুরু করে শুক্রবার বিকেলের দিকে কাজ শেষ করেন। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন রোদ না পেলে ধানে চারা গজিয়ে নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে খড়ও পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
একই গ্রামের কৃষক আব্দুল হান্নান খন্দকার বলেন, দুই দিন ধরে জমিতে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির কারণে সেগুলো বাড়িতে নিতে পারছেন না। ধান শুকাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এর আগেই জমিতে ধানে চারা গজাতে পারে। এতে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বৈরী আবহাওয়ার বিষয়ে কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল। তারপরও তারা ধান কেটে জমিতে রেখেছেন। নতুন করে বৃষ্টি না হলে ধানের বড় ধরনের ক্ষতি হবে না। তবে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বাড়বে।
তিনি আরও বলেন, বৃষ্টির কারণে আলু রোপণে কোনো সমস্যা হবে না। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু লাগানোর সুযোগ রয়েছে।