নিরাপত্তা, ন্যায়বিচার ও নির্ভরযোগ্য সুরক্ষা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে সাম্প্রতিক সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সামনে একটি গুরুতর প্রশ্ন হাজির করেছে : রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? রাজনৈতিক সংঘাত, প্রতিশোধের আশঙ্কা, সড়ক অবরোধ, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং পুলিশের থানা ছেড়ে চলে যাওয়ার খবর কোনো স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন নয়। বরং এসব ঘটনা একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রের স্থানীয় পর্যায়ের কর্র্তৃত্ব, প্রশাসনিক সক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

বিবিসি বাংলার সরেজমিনে প্রতিবেদনে উঠে এসেছে, দুদিনের সহিংসতার পর গোপালগঞ্জের কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। প্রায় আট-নয় কিলোমিটার সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় টুঙ্গিপাড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে কাশিয়ানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক তাণ্ডবের খবর পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বিএনপির কয়েকটি কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কিছু কার্যালয় এবং অন্যান্য স্থাপনায় হামলা হয়েছে। এসব ঘটনা বিচ্ছিন্ন রাজনৈতিক উত্তেজনা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো জনজীবন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের থানা ছেড়ে চলে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ব্রিজ থেকে আশা মিছিল পুলিশ থামাতে না পেরে নিজ উদ্যেগে রাস্তা ছেড়ে দিয়েছে মর্মে ভিডিও প্রকাশিত হয়েছে। হামলার আশঙ্কায় অধিকাংশ পুলিশ সদস্য জেলা পুলিশ লাইন্সে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের অনেকের বক্তব্য পাওয়া যায়নি। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের পক্ষে কথা বলার মতো পরিস্থিতি নেই। 

এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে : পুলিশ যদি সহিংসতার আশঙ্কায় দায়িত্ব পালন করতে না পারে, তাহলে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? পুলিশের কাজ শুধু পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা রক্ষা করা নয়; বরং সংকটের মুহূর্তে আইন ও রাষ্ট্রের কর্র্তৃত্ব প্রতিষ্ঠা করা। অবশ্য পুলিশ সদস্যদের জীবন ও নিরাপত্তাও রাষ্ট্রের দায়িত্ব। তাদের পর্যাপ্ত নিরাপত্তা, জনবল ও প্রয়োজনীয় সহায়তা ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কিন্তু কোনো থানা কার্যত পুলিশশূন্য হয়ে পড়লে সেটি শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় উপস্থিতির দুর্বলতারও প্রতীক হয়ে দাঁড়ায়। গোপালগঞ্জের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় পরিস্থিতির তাৎপর্য আরও বেশি। আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত এই জেলায় দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভের প্রস্তুতির খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। ১৮ নভেম্বর সন্ধ্যায় জেলা শহরসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলও সেই উত্তেজনার বহিঃপ্রকাশ।

একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলেই সহিংসতার অধিকার জন্মায় না। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক বা সাধারণ মানুষের সম্পত্তিতে হামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না, আবার রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নির্বিচারে দমন করাও আইনের শাসনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব দ্বিমুখী। একদিকে সহিংসতা, নাশকতা, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘিœত করার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে; অন্যদিকে শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকলে তার বাস্তবায়নও হতে হবে আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে। নিষেধাজ্ঞা কার্যকর করার নামে নির্বিচার বলপ্রয়োগ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নিষেধাজ্ঞার প্রতিবাদে সহিংসতা চালানোও গ্রহণযোগ্য হতে পারে না। গোপালগঞ্জের ঘটনাকে শুধু আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় বিরোধ হিসেবে দেখলে সংকটের গভীরতা বোঝা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর স্থানীয় পর্যায়ে কর্র্তৃত্ব পুনর্বিন্যাস, প্রতিশোধের আশঙ্কা, দলীয় আধিপত্যের দ্বন্দ্ব এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্ন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে যে ঘনিষ্ঠতা বা নির্ভরশীলতার সংস্কৃতি গড়ে উঠেছে, ক্ষমতার পালাবদলের সময় তার নেতিবাচক প্রভাব অনেক ক্ষেত্রেই প্রকাশ পায়। প্রশাসন তখন কখনো পক্ষপাতের অভিযোগে, কখনো রাজনৈতিক চাপের কারণে, আবার কখনো নিরাপত্তাহীনতায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়।

 এ ধরনের পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হন সাধারণ মানুষ। রাজনৈতিক সংঘাতের সঙ্গে তাদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক না থাকলেও তাদের চলাচল, জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা বিপন্ন হয়। সড়ক অবরোধে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ আটকে পড়েন। ব্যাংক বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ গ্রাহক ও কর্মচারীরা। অর্থাৎ রাজনৈতিক সংঘাতের মূল্য দিতে হয় এমন মানুষদের, যাদের হাতে সংঘাতের নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে এর ফলে বহির্বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয় এবং বিদেশি বিনিয়োগ ও আন্তঃদেশীয় বাণিজ্য বাধাগ্রস্ত হয়।  এখন সরকারের সামনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি দুই ধরনের দায়িত্ব রয়েছে। প্রথমত, টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ ও প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাষ্ট্রকে কোনো রাজনৈতিক পক্ষের শক্তি প্রদর্শনের ক্ষেত্র হতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক আনুগত্যের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদেরও মনে রাখতে হবে, তাদের দায়িত্ব কোনো বিশেষ দল বা গোষ্ঠীর কাছে নয়, সংবিধান ও জনগণের কাছে। গোপালগঞ্জের ঘটনা তাই কেবল একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়; এটি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একটি সতর্কবার্তা। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, প্রশাসনকে দলীয় প্রভাবাধীন করা কিংবা জনপদকে শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করার প্রবণতা অব্যাহত থাকলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা কঠিন হবে। গোপালগঞ্জের পরিস্থিতি এক কঠিন প্রশ্ন সামনে এনেছে। প্রশ্ন হলো, রাষ্ট্র কি সেখানে তার কর্র্তৃত্ব, নিরপেক্ষতা ও নাগরিকের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে? যদি কোনো কারণে না পারে তাহলে কী অপেক্ষা করছে? 

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি নিয়ে তৈরি হওয়া প্রশ্নগুলোকে বিচ্ছিন্ন কিছু অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আইন প্রয়োগের কর্র্তৃত্ব এবং জনগণের নিরাপত্তাবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।  একটি মহল চাইতেই পারে যে, পুলিশ উগ্র হয়ে উঠুক এবং ব্যাপক মাত্রায় বল প্রয়োগ করে বিতর্কিত হোক। পুলিশ বা সরকারদলীয় কর্মীদের হাতে বিরোধীপক্ষের কেউ হতাহত হলে সরকারবিরোধীরা এ কথা বলার সুযোগ পাবে যে, বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো পার্থক্য নেই। সেই বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিমিতিবোধ এবং সরকারি দল ও বর্তমান প্রধান বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের সংযত আচরণকে দুর্বলতা না ভেবে সাধুবাদ জানানোটাই বাঞ্ছনীয়। পলিটিক্যাল  অর্ডার  ইন  চেঞ্জিং  সোসাইটিস স্যামুয়েল পি. হান্টিংটনের তত্ত্ব আমাদের মনে করিয়ে দেয়, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের গতি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিকাশ ও সক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন রাজনৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা তৈরি হয়। গোপালগঞ্জের পরিস্থিতি সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতার একটি সতর্কসংকেত হিসেবে বিবেচিত হতে পারে। এ অবস্থায় শুধু পুলিশ মোতায়েন, গ্রেপ্তার কিংবা বলপ্রয়োগের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত উদ্যোগ যেখানে অপরাধীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনা, গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশি ব্যবস্থা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনর্গঠন এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাই হবে যথোপযুক্ত কর্মকৌশল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাষ্ট্রের কর্র্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসনের মাধ্যমে, রাজনৈতিক প্রতিশোধ কিংবা নির্বিচার শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। কারণ ভয় দেখিয়ে সাময়িক নীরবতা প্রতিষ্ঠা করা যায়, কিন্তু আস্থা অর্জন করা যায় না। গোপালগঞ্জে শান্তি ফিরিয়ে আনার প্রকৃত সাফল্য তাই কতজনকে গ্রেপ্তার করা হলো, তার ওপর নির্ভর করবে না; বরং নির্ভর করবে মানুষ কত দ্রুত রাষ্ট্রের কাছে নিরাপত্তা, ন্যায়বিচার ও নির্ভরযোগ্য সুরক্ষা ফিরে পেল। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র নয় জনগণের আস্থা। আর জনআস্থা অর্জনের যে কিছু অনুষঙ্গ আছে এর মধ্যে অন্যতম জননিরাপত্তা; যা নিশ্চিত করার দায় মুখ্যত সরকারের। মানুষ কেন এত শুনতে বা বুঝতে যাবে, কেনইবা সীমাবদ্ধতার কথা তারা শুনবে? সবার আগে, সব জায়গায়, সবার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

লেখক : অবসরপ্রাপ্ত মেজর, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট

[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত