নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, অন্তত ২০ থেকে ৩০টি বাড়ির অর্ধশতাধিক বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। তবে কারও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তারা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে বাড়িঘরের আগুন অনেকটাই নিভে গিয়েছিল। নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী কালিয়ার বেন্দারচর গ্রামে অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম শামীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘর রয়েছে ওই গ্রামে। এদিকে বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন জ¦লতে থাকার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তবাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় বিএনপির নেতাকর্মীদের শোভাযাত্রায় হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন। পরে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিএনপির নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাদের দুই সহকর্মী নিহত হয়েছেন।
কালিয়ায় হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব : পুলিশ-এদিকে নড়াইলের কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। শনিবার পুলিশ সুপারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিয়ার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্যের ওপর হামলা কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজনসহ আরও কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সমথর্ক বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত বাড়িঘরে হামলা করা হয়েছে।
হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’
স্থানীয় আওয়ামী লীগের নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বিবিসি বাংলাকে বলছিলেন, ‘একরামুল হক টুকু, কবিরুল মুক্তি, এমদাদুল হক টুলুসহ আওয়ামী লীগ পন্থিদের বাড়িসহ অনেক বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট হয়েছে। গরু, বাছুর, মুরগি, হাস ও আসবাবপত্র ভ্যানে করে নিয়ে গেছে। যেমন খুশি লুটপাট হয়েছে।’ নিরাপত্তা আশঙ্কায় তিনি নিজের নামপ্রকাশ করতে চাননি। বিবিসির রিপোর্টে বলা হয়েছে বেন্দারচর ছাড়াও বয়ডিয়া বাজার, নয়নপুর ও রামপুরার যেসব এলাকায় আওয়ামী লীগের সমথর্ক বেশি রয়েছে, সেসব এলাকায় হামলা ও লুটপাটের খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নয়নপুরের আওয়ামী লীগ সমর্থক খান জুলফিকার আলী বলছেন, তার বাড়িও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে শুক্রবার রাতে। তার দাবি, ‘আমাদের গ্রামে সাতটির মতো বাড়িতে হামলা হয়েছে।’
বিএনপির নিহত দুই কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান।
তারা চলে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে ওই গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়। যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের একজন হলেন বেন্দারচর গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘এমনিতে আওয়ামী লীগের লোকজন পলাতক। টুকটাক কিছু সমর্থক পরিবার ছিল। বাকিরা সাধারণ এলাকাবাসী। সবার বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। আমার বাড়িটাও পোড়াইয়া দিছে।’ তার দাবি, ‘একেক বাড়িতে কয়েকটা করে ঘর। পানি খাওয়ার মতো পরিস্থিতি নেই।’
শুক্রবার রাত থেকে কালিয়ার বেন্দারচরে বাড়িঘরে হামলা ও আগুনের ভিডিও ফেসবুকে আসতে থাকে। তাদের কেউ কেউ দাবি করছেন যে, এটা তার নিজের বাড়ির ভিডিও। এর অনেকগুলো ভিডিওতে পাকা ও আধাপাকা বাড়িঘরে আগুন জ্বলতে দেখা যায়। গতকাল সকালের দিকে ক্ষতিগ্রস্ত বেন্দারচর গ্রামে ঢুকতেই দেখা যায়, ভ্যানে করে কিছু মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন এক নারী। সঙ্গে ছোট সন্তান। কথা হয় ওই নারীর সঙ্গে। তিনি বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে মালামাল জিনিসপত্র যা ছিল কিছুই নেই। টিভি-ফ্রিজ, ১০টা কম্বল, দুইটা ট্রাংকে যত মালামাল ছিল, তিনটা ঘরের কোনো মাল, জিনিস নেই। একটা কাঁথাও নেই যে আমরা গায়ে দেব। টিউবওয়েল থেকে মোটরডা পর্যন্ত ভেঙে নিয়ে গেছে।
গ্রামের এক নারী এই প্রতিবেদককে বলেন, জুমার নামাজের পর প্রায় ৪০০ লোক জড়ো হন। তারা একযোগে ভাঙচুর চালায় এবং কেউ কেউ অগ্নিসংযোগ করে। সঙ্গে গাড়ি ভরে বাড়ির মালামাল নিয়ে গেছে। এরা সব কালিয়ার লোকজন। সারা বেন্দারচর গ্রামেই তারা তা-ব চালায়। গ্রামে গিয়ে কোনো প্রবীণ পুরুষ লোককে দেখা যায়নি। নারীদের অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।