৬ বছরেও কেনা হয়নি যন্ত্রপাতি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে নেওয়া একটি প্রকল্পের ছয় বছরে বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ২৬ দশমিক ৮৬ শতাংশ। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ দুই দফা বাড়ানোর পর ফের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ হাজার ১১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি ২০২০ সালের নভেম্বরে শুরু হয়। মূল পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে প্রথম সংশোধনীতে মেয়াদ এক বছর এবং দ্বিতীয় সংশোধনীতে আরও দুই বছর আট মাস বাড়ানো হয়। সর্বশেষ প্রস্তাবে ২০২৭ সালের জুন থেকে মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত করার কথা বলা হয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে নেওয়া প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ২৭৫ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় অপরিবর্তিত রাখা হয়। দ্বিতীয় সংশোধনীতে তা কমিয়ে ১ হাজার ৮৫১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা করা হয়। এবার তৃতীয় সংশোধনীতে ১ হাজার ১১৩ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় বাড়িয়ে ২ হাজার ৯৬৫ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মে পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ৪০৫ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকা। এতে বাস্তব অগ্রগতি দাঁড়িয়েছে মাত্র ২৬ দশমিক ৮৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ২১ দশমিক ৯০ শতাংশ।

প্রকল্পের তৃতীয় সংশোধনীর কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করেছে বাস্তবায়নকারী সংস্থা। এসবের মধ্যে রয়েছে সর্বশেষ অনুমোদিত সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া। ফলে পরিকল্পনা অনুযায়ী দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়হার বেড়ে যাওয়ায় যন্ত্রপাতি কেনার ব্যয় বেড়েছে বলে দাবি করা হয়েছে। ক্রয়পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাবও করা হয়েছে। সরাসরি ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) ও বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগী বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

প্রকল্পের আওতায় দেশের ১১টি জোনের অধীন জেলাগুলোতে ১৩২টি ই-নোডবি, রেডিও সংযোগ, ক্লাউড সার্ভার ও অ্যান্টেনা সাবসিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অবকাঠামোগত সুবিধাসহ ৬২টি জরুরি সাড়াদান যানবাহন যুক্ত করা হবে। যোগাযোগব্যবস্থার জন্য ভিস্যাট, এলটিই প্রযুক্তিসম্পন্ন হ্যান্ডসেট, ‘ইউনিভার্সাল ডেটা ব্যাংক ডঙ্গল ও সিম কার্ড সরবরাহ এবং স্থাপনের কথা রয়েছে।

দুর্যোগের সময় দেশের যেকোনো স্থানে স্থানান্তরযোগ্য উচ্চমানের সেলুলার যোগাযোগব্যবস্থা গড়ে তোলাও প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ জন্য রেডিও অ্যাকসেস নেটওয়ার্ককে দীর্ঘ দূরত্বের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে মূল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে মাল্টিপ্লেক্সার স্থাপন এবং সংশ্লিষ্ট জনবলকে কারিগরি ও পরিচালনবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির তৃতীয় সংশোধন প্রস্তাব নিয়ে গত ১০ নভেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হওয়ার কথা ছিল। তবে প্রকল্পের নতুন পরিচালক নিয়োগ নিয়ে জটিলতার কারণে সভাটি হয়নি। পরে আগামী ২৪ নভেম্বর পিইসি সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির আগের পরিচালক ছিলেন কাজী শফিকুল আলম। গত ১৫ সেপ্টেম্বর তাকে বদলির আদেশ দেওয়া হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকল্পের নতুন পরিচালক হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামসুন নাহার সুমিকে নিয়োগ দেয়। তবে তিনি নিজ কর্মস্থল থেকে রিলিজ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিলেও তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার চিঠিতে তার যোগদানপত্র অবিলম্বে গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়। গত ১১ নভেম্বর তিনি যোগদান করেন।

প্রকল্পের বিষয়ে প্রকল্প পরিচালক শামসুন নাহার সুমি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মাত্র পাঁচ-ছয় দিন হলো দায়িত্ব নিয়েছি, প্রকল্পটি পুরোপুরি বুঝতে আমার আরও সময় প্রয়োজন। প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ার বিষয়ে এ মুহূর্তে আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব আমার আগে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি দিয়ে গেছেন।’

একই বিষয়ে যোগাযোগ করা হলে প্রকল্পটির সাবেক পরিচালক কাজী শফিকুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রকল্পটি নেওয়ার সময় সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) যন্ত্রপাতি কেনার পরিকল্পনা ছিল। তবে এ পদ্ধতিতে কেনাকাটার জন্য সরকারি কমিটির অনুমোদন পাওয়া যায়নি। কিছু সরঞ্জাম কেনার অনুমতি মিললেও বাকি সরঞ্জাম কেনা নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে করোনা মহামারি শুরু হয়। পাশাপাশি ডলারের বিনিময়হার বেড়ে যাওয়ায় প্রকল্প প্রস্তাবে নির্ধারিত দামে বিদেশ থেকে যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছিল না। পরে ২০২৪ সালে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) কেনাকাটার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দরপত্র আহ্বান করেও অনেক ক্ষেত্রে ঠিকাদার পাওয়া যায়নি। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে।’

তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর জন্য নতুন কিছু সরঞ্জাম যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে রাসায়নিক আগুন মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত সরঞ্জাম প্রয়োজন। এসব নতুন চাহিদা এবং আগের নির্ধারিত দামে যন্ত্রপাতি কিনতে না পারায় প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে। একই সঙ্গে বর্ধিতকাজ শেষ করতে মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত