প্রতিবন্ধী শিশু ধর্ষণ অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামুল হোসেন বাপ্পী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো নিকুঞ্জ এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় খিলক্ষেত থানায় একটি মামলা করেন ভুক্তভোগী শিশুটির পালক বাবা ওয়াদুদ মিয়া প্রকাশ ওরফে সাগর মিয়া। মামলার এজাহারে বলা হয়, সংসারের চাকা সচল রাখতে বাদী সারা দিন সিএনজি চালান আর তার স্ত্রী নাজমা আক্তার নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন।

খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলায় খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তারা। ওই বাড়ির পাশের ঘরেই ভাড়া থাকতেন অভিযুক্ত ইমামুল হোসেন বাপ্পী।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বুধবার রাতে সাড়ে ৮টার দিকে শিশুটির মা-বাবা কাজে বাসার বাইরে ছিলেন। সেই সুযোগ নিয়ে চকলেট আর টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী। বাসায় ফিরে সন্তানের অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা জানায়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। ওই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত