ঢাকা উত্তর কাস্টমস বন্ড এন্ড কমিশনারেট: বদলে যাচ্ছে আমদানি-রপ্তানীর কার্যক্রম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)। শিল্পবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্ড সুবিধার যথাযথ ব্যবহার, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি, নিয়মিত নিরীক্ষা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিনের রাজস্ব প্রশাসনের অভিজ্ঞতাসম্পন্ন কমিশনার ড. নাহিদা ফরিদী এ দপ্তরের দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘিরে ব্যবসায়ী ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে অভিজ্ঞ নেতৃত্বে বদলে যাচ্ছে ঢাকা উত্তর বন্ড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ৩১ আগস্ট কমিশনার পর্যায়ের বদলি ও পদায়ন আদেশে ড. নাহিদা ফরিদীকে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকা থেকে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা 
ড. নাহিদা ফরিদীর রাজস্ব প্রশাসনে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কমিশনার পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে তিনি বিভিন্ন দপ্তরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তিনি খুলনার সিইভিসি (আপিল)-এ কমিশনারের চলতি দায়িত্ব পালন করেন। ১ আগস্ট ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে কাস্টমস হাউস, আইসিটি, ঢাকার কমিশনার অব কাস্টমস হিসেবে পদায়ন করা হয়। ২০২৫ সালে তিনি কাস্টম হাউস আইসিডি, কমলাপুরের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকার কমিশনার হিসেবে বদলি করা হয়। এসব গুরুত্বপূর্ণ দপ্তরে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের নেতৃত্বে সফলভাবে দিচ্ছেন।

বন্ড সুবিধা, রপ্তানি শিল্পের অন্যতম চালিকাশক্তি 
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে বন্ড সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ব্যবস্থায় যোগ্য শিল্পপ্রতিষ্ঠান নির্ধারিত শর্তে শুল্ক-কর পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে বন্ডেড ওয়্যারহাউসে সংরক্ষণ করতে পারে। এসব কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনের পর তা বিদেশে রপ্তানি করা হয়। এ ব্যবস্থার ফলে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের ওপর চাপ কমে, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ে। একই সঙ্গে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বন্ড সুবিধা সহায়ক ভূমিকা রাখে। সরাসরি রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের যোগ্য প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে অবস্থিত নির্ধারিত শিল্পপ্রতিষ্ঠানও প্রযোজ্য শর্তে বন্ড লাইসেন্স বা নিবন্ধনের আওতায় আসতে পারে।

বন্ড কমিশনারেটের দায়িত্বের পরিধি বিস্তৃত 
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর প্রধান কার্যক্রম শুধু বন্ড লাইসেন্স প্রদানেই সীমাবদ্ধ নয়। নতুন শিল্পপ্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান, বিদ্যমান লাইসেন্সধারীদের কার্যক্রম পর্যবেক্ষণ, বার্ষিক লাইসেন্স নবায়ন ও নিরীক্ষা, অতিরিক্ত আমদানি প্রাপ্যতা নির্ধারণ, নতুন যন্ত্রপাতি ও কাঁচামাল অন্তর্ভুক্তি এবং কারখানা সম্প্রসারণ ও স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম এ দপ্তরের আওতাভুক্ত। তাছাড়া হোম কনজাম্পশন বন্ড থেকে যথাযথ রাজস্ব আদায়, ডিউটি ফ্রি শপ, ডিউটি পেইড ও ডিপ্লোমেটিক বন্ড প্রতিষ্ঠানের নিরীক্ষা ও তদারকি, বন্ডিং মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং রপ্তানির বিপরীতে প্রকৃত বৈদেশিক মুদ্রা দেশে আসছে কি না, তা পর্যবেক্ষণও কমিশনারেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহার হচ্ছে কি না, স্থানীয় বাজারে অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে কি না এবং লাইসেন্সের শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা রাজস্ব সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত নিরীক্ষা, তথ্য যাচাই ও কার্যকর তদারকি সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি কমাতে পারে।

ডিজিটাল ব্যবস্থাপনায় সেবার নতুন দিগন্ত 
বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। দপ্তরের সরকারি ওয়েবসাইটে বন্ড লাইসেন্সের অবস্থা যাচাইয়ের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির নাম, ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ওয়্যারহাউস কোড ব্যবহার করে লাইসেন্সের তথ্য অনুসন্ধান করা যায়। এ ছাড়া বন্ড লাইসেন্সের তালিকা, সক্রিয় ও নিষ্ক্রিয় লাইসেন্স, মোট লাইসেন্সের শ্রেণিভিত্তিক তথ্য, অডিট করা হয়নি এমন প্রতিষ্ঠানের তালিকা, লিয়েন ব্যাংক তথ্য, ব্যাংক হিসাব স্থগিতের তালিকা, দাবি ও কারণ দর্শানোর নোটিশ, সার্টিফিকেট মামলা এবং আদালতসংক্রান্ত তথ্য প্রকাশের ব্যবস্থা রয়েছে। দপ্তরের তথ্যভান্ডারে বন্ড লাইসেন্সের স্বয়ংক্রিয় নবায়ন, বিআইএন নজরদারি, জেনারেল বন্ড নম্বর ও ভ্যাট নম্বর যাচাই, লাইসেন্স স্থগিত, বিআইএন লক-আনলক এবং অব্যাহতি সনদসংক্রান্ত সেবার তথ্যও রয়েছে। এসব ব্যবস্থা সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে তথ্যের সহজলভ্যতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। 

গত বছরের  ৭ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বন্ড লাইসেন্স গ্রহণসহ বন্ডিং সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের বিষয়টি উল্লেখ করা হয়। অন্যদিকে ডিপ্লোমেটিক বন্ডের ওয়্যারহাউস কার্যক্রম সহজ করতে ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম চালু রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সেবার স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। নন-ইনট্রুসিভ প্রক্রিয়ায় বন্ডেড ওয়্যারহাউসের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বন্ড অটোমেশন ব্যবস্থায় ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর কার্যক্রমও শুরু হয়েছে। এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে বন্ডসংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে।

বিজিএমইএর প্রত্যাশা, অডিট ও কাস্টমস-ভ্যাট কার্যক্রম হোক সহজ : বন্ড ব্যবস্থাপনায় ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাতে। গত ১২ নভেম্বর বিজিএমইএর পরিচালক কাজী মিজানুর রহমান বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. নাহিদা ফরিদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় বিজিএমইএর অতিরিক্ত সচিব হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিজিএমইএর পরিচালক বন্ড অডিট এবং কাস্টমস ও ভ্যাটসংক্রান্ত কার্যক্রম আরো সহজ, স্বচ্ছ, দ্রুত ও ব্যবসাবান্ধব করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যেই এ প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

বিজিএমইএর এ প্রত্যাশা বন্ড কমিশনারেটের সেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা, কাঁচামাল আমদানি, পণ্য উৎপাদন ও রপ্তানির সময়সূচির সঙ্গে বন্ডসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। ফলে দ্রুত লাইসেন্স নবায়ন, নিরীক্ষা নিষ্পত্তি, আমদানি প্রাপ্যতা নির্ধারণ এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া শিল্পপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নেতৃত্বেও ড. নাহিদা। 

পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. নাহিদা ফরিদী। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে তিনি এ দায়িত্ব পান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার। এ দায়িত্বের মাধ্যমে রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের পেশাগত স্বার্থ, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা তৈরি হয়েছে। তবে সরকারি দপ্তরের প্রশাসনিক দায়িত্ব ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পৃথকভাবে পালন এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

রাজস্ব সুরক্ষা ও শিল্পবান্ধব সেবায় ভারসাম্যের প্রত্যাশা 
বন্ড সুবিধা একদিকে যেমন রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সরকারের রাজস্ব স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামালের অপব্যবহার, স্থানীয় বাজারে অবৈধ বিক্রি, ভুয়া রপ্তানি নথি কিংবা নির্ধারিত হিসাবের বাইরে পণ্য ব্যবহারের সুযোগ বন্ধ করা জরুরি। একই সঙ্গে প্রকৃত রপ্তানিমুখী প্রতিষ্ঠান যেন অযথা প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার মুখে না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বন্ড লাইসেন্সের আবেদন ও নবায়ন দ্রুত নিষ্পত্তি, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা, অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, অনলাইনে তথ্য প্রকাশ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাস্টমস আইন, ২০২৩-এর ষোড়শ অধ্যায়ের ১০৮ থেকে ১৩৪ ধারায় বন্ড ব্যবস্থাপনার বিধান রয়েছে। ফলে আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে শিল্পবান্ধব সেবা এবং রাজস্ব সুরক্ষা—দুই লক্ষ্যই অর্জনের সুযোগ রয়েছে। দীর্ঘদিনের রাজস্ব প্রশাসনের অভিজ্ঞতা, বন্ড ব্যবস্থাপনার বিস্তৃত কার্যপরিধি, প্রযুক্তিনির্ভর সেবার সুযোগ এবং রপ্তানিমুখী শিল্পের প্রত্যাশা—সব মিলিয়ে ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ড. নাহিদা ফরিদীর নেতৃত্বে দপ্তরটির সেবা আরও সহজ, স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক করার উদ্যোগ কার্যকর হলে তা রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। সেবাগ্রহীতা, বন্ডেড প্রতিষ্ঠান, আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, অভিযোগ ও পরামর্শ গ্রহণে আগামী ১ ডিসেম্বর গণশুনানির আয়োজন করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)। ওইদিন দুপুর ২টায় কমিশনারেটের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে বন্ড লাইসেন্স ও নবায়ন, ইউপি সংক্রান্ত সমস্যা, আমদানি প্রাপ্যতা, বন্ড সুবিধায় পণ্য আমদানি ও ব্যবহার, অডিট, মূল্যায়ন, শুল্ক-কর, সেবা গ্রহণের সমস্যা এবং কর্মকর্তা-কর্মচারীদের সেবা সংক্রান্ত অভিযোগ ও পরামর্শসহ বন্ড ও কাস্টমসের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করা যাবে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ গণশুনানিতে উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ, সমস্যা ও মতামত তুলে ধরার জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার ড. নাহিদা ফরিদী অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত