গাছ কাটার প্রতিবাদ করায়

নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জমির গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় জমির মালিক রাজিয়া বেগম ও তার দুই মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেরাজুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রবিবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজিয়া বেগম লোকমারফত জানতে পারেন, ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার ক্রয়কৃত জমির গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি তার দুই মেয়েকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫), নাজমা বেগম (৫৫) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এ সময় ছয়টি বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ কেটে নেওয়া হচ্ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। গাছ কাটতে বাধা দেওয়ায় রাজিয়া বেগম ও তার দুই মেয়েকে মারধর করা হয় এবং তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের।

রাজিয়া বেগমের বড় মেয়ে অভিযোগ করে বলেন, "অভিযুক্ত মেরাজ আমাকে মারধর করতে করতে আমার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। সম্ভ্রম রক্ষায় আমার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁদের বাড়ি থেকে আমাকে কাপড় দেন।"
একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় বিরোধ ও মামলা-মোকদ্দমায় জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই ওয়ার্ডের বাসিন্দা সখিনা বেগম (৭০) বলেন, "জায়গা দেখতে আসলে এভাবে ৭-৮ জন মিলে রাজিয়া ও তার মেয়েদের মারধর করবে, এটা কেমন কথা? দেশে কি কোনো বিচার নেই?"

ভুক্তভোগীরা জানান, তাদের ক্রয়কৃত জমির গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তাঁরা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে অভিযুক্ত মেরাজুল ইসলাম, নুরুল ইসলাম, বাবুল মিয়া, বিথী বেগম ও নাজমা বেগমের বক্তব্য নিতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িগুলো তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, ঘটনার পর থেকে তাদের এলাকায় দেখা যাচ্ছে না।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত