পাহাড়ে কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীর ঢল

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। আগামীকাল বুধবার পিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই উৎসব।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান। এতে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং নানা বয়সী পুণ্যার্থী।

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পরে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন পুণ্যার্থীরা। এর আগে পূন্যার্থীরা গতকাল রাজগুরু বৌদ্ধ বিহারে শুরু হয় তুলা থেকে সুতা ও সুতা থেকে টাটকা চীবর বুননে আনুষ্ঠানিকতা। সারারাত কোমর তাঁতের মাধ্যমে বুনন শেষে ভোর সকাল চারটায় বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এসময় নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে ধর্মদেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 

এদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, বোমাং সার্কেল চীফ রাজা উচ্চপ্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমংসহ কঠিন চীবর দানে যোগ দেন।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা দেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধগুরু অধ্যক্ষ আসাবা মহাথেরো ও রাজগুরু বিহারে কেতু মহাথেরো।

বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দান অত্যন্ত পুণ্যময় একটি ধর্মীয় আয়োজন। আষাঢ়ী পূর্ণিমার পর প্রবারণা পূর্ণিমা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই চীবর দান করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি, সংযম, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা লাভ করেন। ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পিন্ডদান। আর এতে পিণ্ড চরণে শতাধিক বৌদ্ধ ভিক্ষু, উপাসিকারা অংশ নিবেন। আর এ পিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

সর্বশেষ সর্বাধিক পঠিত