আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডাবলিনে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নূরে আলম বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আইরিশ প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাও প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। দেশটির রাজধানী ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকায় আয়ারল্যান্ডের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার আহ্বান জানান।

রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে উৎসাহিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে আয়ারল্যান্ডের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে দেশটিকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে নূরে আলম বলেন, আয়ারল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশের সাশ্রয়ী শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রণোদনা কাজে লাগিয়ে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারেন। প্রায় ১৮ কোটি মানুষের সম্প্রসারণশীল ভোক্তাবাজার আইরিশ পণ্য ও সেবা রপ্তানির জন্যও আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে সম্পন্ন করায় আয়ারল্যান্ডকে অভিনন্দন জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থানে মিল রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পরিসরে তাদের পক্ষে দেশটির জোরালো ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় আয়ারল্যান্ডের লিখিত বক্তব্য দাখিলের বিষয়টি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাতে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টিও উঠে আসে। আইরিশ সমাজ ও অর্থনীতিতে তাদের ভূমিকার প্রশংসা করে উভয় পক্ষ বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।

দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত নূরে আলমের সাফল্য কামনা করেন আইরিশ প্রেসিডেন্ট। একই সঙ্গে তার কূটনৈতিক কার্যক্রমে আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত