বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র! 

নিষিদ্ধ সংগঠনের মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

নাশকতা, অগ্নিসংযোগের অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং তার অন্যতম সহযোগী 'সন্ত্রাসী’ মো. লিটন ওরফে ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আদনান আহমেদ শামীম (২০), হামিদুল ইসলাম (১৭), মো. আরিফ (৩৬), রবিন (১৯) এবং মো. হৃদয় হোসেন (২০)। এছাড়া আইনের সহিত সংঘাতপূর্ণ ২ জন শিশুকেও হেফাজতে নিয়েছে পুলিশ। 

এর আগে সোমবার (২৩ নভেম্বর) নগরের বায়েজিদ বোস্তামী থানায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অক্সিজেন পুলিশ বক্সের এসআই মো. ইমরান হোসেন। মামলায়  অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনমনে আতঙ্ক ছড়াতে তারা সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে গোপন বৈঠক এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ৫১ জন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতক এই আসামিরা নেপথ্যে থেকে অর্থের জোগান ও অস্ত্র সরবরাহের মাধ্যমে পুরো এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছিল। এদের মধ্যে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন, তার অন্যতম প্রধান সহযোগী মুক্তিযোদ্ধা কলোনি এলাকার সন্ত্রাসী মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, নাশকতায় অর্থায়নকারী হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রকাশ ‘কানা নাজিম’, ওয়ার্ড সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক হুমায়ন।

এছাড়াও মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’, যুবলীগ নেতা গোলাম রসুল সাদ্দাম, সাবেক নগর ছাত্রলীগ পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন জয়, আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’ এবং আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’সহ চিহ্নিত সন্ত্রাসীরা এই নাশকতা পরিকল্পনার সাথে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, মামলার এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নাম চার্জশিট থেকে বাদ দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন ও জোর তদবির শুরু হয়েছে। আসামিপক্ষের লোকজন প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। 

স্থানীয়দের আরও অভিযোগ, ‘চিহ্নিত সন্ত্রাসী’ লিটনসহ কয়েকজনকে বাঁচাতে এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের জন্য স্থানীয় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাও নেপথ্যে থেকে তদবির ও মধ্যস্থতা করছেন। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। নাশকতা পরিচালনারে সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টাকারী পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত