কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে আয়ের নতুন পথ তৈরি করতে বড় পরিসরে বিজ্ঞাপন ব্যবসায় আসছে চ্যাটজিপিটি। বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে বিজ্ঞাপন সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মধ্য দিয়ে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে গুগল ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগ বাস্তবায়নে ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান আলেফের সঙ্গে একক পরিবেশক চুক্তি করেছে ওপেনএআই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, তালিকাভুক্ত ৪৪টি দেশের স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো আলেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে। এসব দেশে বিজ্ঞাপনসংক্রান্ত চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় ওপেনএআইয়ের একক পরিবেশক হিসেবে কাজ করবে আলেফ। পাশাপাশি বাজারে স্থানীয় মুদ্রায় বিজ্ঞাপন লেনদেনের ব্যবস্থাও থাকবে।
আলেফ জানিয়েছে, এই অংশীদারত্বের মূল উদ্দেশ্য এআই যুগের জনপ্রিয় প্রযুক্তিপণ্যের সঙ্গে উদীয়মান বাজারগুলোর সরাসরি সংযোগ তৈরি করা। এর ফলে স্থানীয় বিজ্ঞাপনদাতারা আন্তর্জাতিক পর্যায়ে নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সেবা প্রচারের সুযোগ পাবেন। ওপেনএআই ও আলেফের এই চুক্তির আওতায় এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা এই চার অঞ্চলের ৪৪টি বাজার অন্তর্ভুক্ত হয়েছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চারটি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা। লাতিন আমেরিকার ১৪টি দেশে এই সেবা রয়েছে। ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি দেশে।
অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি দেশে এটা চালু হয়েছে। এই সম্প্রসারণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরির পথে এগোচ্ছে ওপেনএআই।