আজ ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসক রাফায়েল ত্রুহিলোর শাসনামলে রাজনৈতিক কর্মী তিন বোন পাত্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবাল সেনা সদস্য দ্বারা ধর্ষণ ও খুন হন এবং এই নৃশংস ঘটনাকে স্মরণ করে ১৯৮১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ঘোষণা করেন। পরবর্তী সময় ১৯৯৩ সালে জাতিসংঘ নারীর প্রতি সহিংসতা দূরীকরণ বিষয়ক ঘোষণা গ্রহণ করে এবং ১৯৯৯ সালে ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। নারীকে ভয়, বৈষম্য ও সহিংসতামুক্ত জীবন দেওয়ার রাষ্ট্রীয় ও সামাজিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এ দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশে প্রতি বছর নানা আয়োজন, আলোচনা, সেমিনার ও প্রচারাভিযানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে। নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রাষ্ট্রীয় ও সামাজিক নানা পরিসরে উচ্চারিত হয়। এত কিছুর পরও নারীর প্রতি সংহিসতা যেন থামছেই না।
পরিবার, সমাজ, রাস্তাঘাটে, কর্মস্থলে, প্রতিষ্ঠানে, যানবাহনে, সর্বত্র শিশু থেকে বৃদ্ধা নিগ্রহ ও নানামাত্রিক নির্যাতনের শিকার। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবরের মধ্যে দেশে ৪১৯ জন নারী ধর্ষণ এবং ১৪৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। একই সময়ে ৪৮ জন ধর্ষণের পর হত্যার শিকার এবং ২০২ জন ধর্ষণচেষ্টার ভুক্তভোগী হন। অন্যদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পর্যবেক্ষণ অনুযায়ী ২০২৬-এর জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ২ হাজার ৪০৪ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হন, যা সংস্থাটির আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি। তাদের হিসাবে ধর্ষণের শিকার ৬৫৭ জনের মধ্যে ৩৯২ জনই ১৮ বছরের কম বয়সী। এই প্রেক্ষাপটে প্রশ্ন, নারীর অধিকার ও ক্ষমতায়নের কথা আমরা যতটা বলছি, সেই নিরিখে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত কি করতে পারছি? নারীর প্রতি সহিংসতা বলতে অনেকে কেবল শারীরিক নির্যাতন বা যৌন নিপীড়নকেই বুঝেন। না, এর পরিসর অনেক বিস্তৃত। জাতিসংঘের ১৯৯৩ সালের ঘোষণা অনুযায়ী, নারীর বিরুদ্ধে সংঘটিত যেকোনো বৈষম্যমূলক আচরণ, যা তাকে শারীরিক, মানসিক, সামাজিক কিংবা অর্থনৈতিকভাবে বিপন্ন করে, তাই নারী-সহিংসতার আওতায় পড়ে। যৌন হয়রানি এর অন্যতম রূপ। অশালীন মন্তব্য, অনাকাক্সিক্ষত স্পর্শ, পিছু নেওয়া, জোরপূর্বক প্রেম নিবেদন, প্রত্যাখ্যানের পর হুমকি, এসব মিলেই তৈরি হয় এক অদৃশ্য শৃঙ্খল, যা নারীর আত্মবিশ্বাস ধ্বংস করার পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে দীর্ঘমেয়াদে ব্যাহত করে।
সময়ের পরিবর্তনের সঙ্গে সহিংসতার ধরনও বদলেছে। যেই প্রযুক্তি মানুষের যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের নতুন নতুন সুযোগ তৈরি করেছে, সেই একই প্রযুক্তি নারীর বিরুদ্ধে নিপীড়নের নতুন নতুন ক্ষেত্রও উন্মুক্ত করেছে। আগে নারীর প্রতি হয়রানি নির্দিষ্ট কোনো রাস্তা, কর্মক্ষেত্র কিংবা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ থাকত। এখন স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহারে নারী সমাজের অনেকেই সারাক্ষণ হয়রানির আশঙ্কায় থাকেন। ভুয়া পরিচয়ে যোগাযোগ, অশালীন বার্তা, অনাকাক্সিক্ষত ছবি পাঠানো, অনলাইনে অনুসরণ, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ব্ল্যাকমেইল এসব ডিজিটাল সহিংসতার উৎকট রূপ। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার সংকট আরও জটিল হয়েছে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে নারীর মুখাবয়ব সংযুক্ত করে অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করা এখন খুবই সহজ। বাস্তবে কোনো ঘটনা না ঘটলেও প্রযুক্তির অপব্যবহারে একজন নারীর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত জীবন বিপর্যস্ত হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্টারনেটে একবার কোনো ছবি বা ভিডিও ছড়িয়ে পড়লে তা সম্পূর্ণভাবে মুছে ফেলা অত্যন্ত কঠিন। ফলে অপরাধ সংঘটিত হওয়ার পরও ভুক্তভোগী মানসিক-সামাজিক নিপীড়নের মধ্যে থাকতে পারেন। প্রযুক্তিনির্ভর এই সহিংসতা তাই শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়; এটি নারীর স্বাধীনতা, মর্যাদা ও জনপরিসরে অংশগ্রহণের অধিকারের ওপর সরাসরি আঘাত।
যৌন হয়রানি-সহিংসতার শিকার শুধু নারী নন, পুরুষ ও ভিন্ন লিঙ্গপরিচয়ের মানুষও এর শিকার। তবে বিদ্যমান পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো, ক্ষমতার অসমতা এবং নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়, শিক্ষক, সহকর্মী কিংবা পরিচিতজনই নিপীড়ক হয়ে দাঁড়ান । অভিযোগ করলে সম্পর্ক নষ্ট হতে পারে বা সামাজিকভাবে হেয় অথবা কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এমন আশঙ্কায় অনেক ভুক্তভোগী বা অভিভাবক নীরব থাকেন। আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আরেকটি দুরবস্থা হলো ভুক্তভোগীকেই দায়ী করার মানসিকতা। কোনো নারী হয়রানির শিকার হলে তার পোশাক, চলাফেরা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়। অপরাধীর আচরণের পরিবর্তে ভুক্তভোগীর জীবনযাপন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। একজন নারীর পোশাক, পেশা, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দ কোনোভাবেই তার প্রতি সহিংসতার বৈধতা তৈরি করতে পারে না। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে কেবল আইন প্রণয়ন করে সহিংসতা প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব নয়।
বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা এবং সাইবার অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামোর মাধ্যমে নারীর সুরক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার, হাসপাতালভিত্তিক ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ হেল্পলাইনও রয়েছে। কিন্তু অনেক ভুক্তভোগীই এসব সেবা সম্পর্কে জানেন না। আবার কেউ কেউ জানলেও সামাজিক মর্যাদাহানি, হয়রানি কিংবা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশঙ্কায় অভিযোগ করতে চান না। ফলে আইন ও প্রতিষ্ঠানের অস্তিত্ব এবং বাস্তবে ন্যায়বিচার পাওয়ার অভিজ্ঞতার মধ্যে একটি বড় ব্যবধান রয়ে গেছে। এই সেবাগুলো সহজলভ্য, কার্যকর ও ভুক্তভোগীবান্ধব কীভাবে করা যায় দায়িত্বশীলদের তা ভাবতে হবে।
এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, বিচার এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিটি পর্যায়ে সংবেদনশীলতা ও পেশাদারত্ব প্রয়োজন। বিশেষ করে ডিজিটাল সহিংসতার ক্ষেত্রে অপরাধের প্রমাণ দ্রুত সংরক্ষণ, প্রযুক্তিগত তদন্তের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আবশ্যক। বিচারপ্রক্রিয়ায় ভুক্তভোগীকে বারবার অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলে ন্যায়বিচারের প্রতি তার আস্থা তৈরির ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। প্রতিরোধের প্রশ্নে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ছোটবেলা থেকেই পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সীমানা, সম্মতি এবং সমানাধিকারের শিক্ষা দিতে হবে। ছেলেশিশুকে কর্র্তৃত্ব এবং মেয়েশিশুকে সহনশীলতার শিক্ষা দিয়ে বড় করার প্রচলিত সামাজিক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করাই যথেষ্ট নয়। এসব কমিটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক করে সাহসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল সাক্ষরতার অংশ হিসেবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, অনলাইন হয়রানি শনাক্তকরণ এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। নারীর নিরাপত্তা কেবল তার ব্যক্তিগত সতর্কতার বিষয় নয়। অথচ প্রায়ই উপদেশ দেওয়া হয়, সাবধানে চলাফেরা করতে, রাতে বাইরে না যেতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা না বলতে। এমনটি অপরাধীর দায় কমিয়ে নারীর স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে। নিরাপত্তার নামে নারীর চলাচল ও অংশগ্রহণ সীমিত করা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এমন সামাজিক পরিবেশ তৈরি করতে হবে; যেখানে অপরাধী অপরাধের জন্য দায়বদ্ধ হবেন এবং নারী স্বাধীনভাবে নিজের জীবন পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে পুরুষদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আন্দোলন শুধু নারীদের দায়িত্ব হতে পারে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং নাগরিক সমাজের পুরুষদেরও প্রচলিত বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রযুক্তির অগ্রগতি যেন নারীর জন্য নতুন আতঙ্কের কারণ না হয়ে নারীর রাজনৈতিক, অথর্নৈতিক ও সামাজিক ক্ষমতায়নের অর্থবহ অগ্রযাত্রার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে, সে দায়িত্ব রাষ্ট্র ও সমাজ উভয়ের।
দিবস পালনে শুধু আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত না করে সামাজিক বিবেক, রাষ্ট্রীয় সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি পর্যালোচনার বিষয় হিসেবে উদযাপন করা উচিত। নারীকে সুরক্ষা দেওয়ার অর্থ তাকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তার স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা। যে সমাজ নারীর নিরাপদে চলাফেরা, মতপ্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দিতে পারে না, সেই সমাজ প্রকৃত অর্থে বিকশিত বা গণতান্ত্রিক বলা যায় না। লক্ষ্য হওয়া উচিত এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারীকে নিরাপত্তার জন্য স্বাধীনতা বিসর্জন দিতে হবে না।
লেখক : শিক্ষক, গবেষক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ
nazmunrumi17@gmail,com