নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তবে পুলিশের কাছে হস্তান্তরের আগে আটক ওই নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি জানান, নাশকতার পরিকল্পনার সময় পল্টন এলাকা থেকে লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক জাভেদ দিদার রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে পল্টন এলাকা থেকে আটক করা হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে জাভেদ দিদারকে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন রবিউল ইসলাম নয়ন। এ সময় সেখানে বেশ কয়েকজন মানুষ ভিড় করেন। পরে তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে কফি পান করানো হয়। এরপর মিছিল সহকারে এগিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়।
এ সময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। এ পরিকল্পনার সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তথ্য পেতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক