জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, বিগত আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিস্ট প্রতিরোধ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম থেকে আমন্ত্রিত বিশেষ অতিথি ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন ।
সমাবেশে দুলু বলেন, পতিত ফ্যাসিস্ট দ্বারা দেশে নৈরাজ্য হতে দেওয়া হবে না। দীর্ঘদিন পরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তিনি বলেন জনগণ ৫ বছরের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে।
তিনি আরও বলেন যে, জুলাই অভ্যুত্থানের সময় শত শত নিরীহ নিরপরাধ মানুষকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। দেশে ফিরে আসলে তার বিচারের রায় কার্যকর করা হবে।
হুইপ বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও অন্যায়ের উল্লেখ করে বলেন যে, পৃথিবীতে যে যতটুকু অন্যায় অবিচার করবে তাকেও ঠিক ততটুকু ফল ভোগ করতে হবে।