এবার আর পেনাল্টি মিস নয় রোনালদোর, ৯৮৭তম গোল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ব্যর্থতা কাটিয়ে উঠেছেন গতরাতে। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ২-১ গোলের জয়ে যে গোলটি করেছেন সেটি ছিল পেনাল্টি থেকে। আর এই গোলে তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৮৭-তে।

রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের একাদশ মিনিটেই পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। আল সাদের মিডফিল্ডার মোহাম্মদ কামারা বক্সের ভেতর তাঁকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিচু শটে বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

ক্যারিয়ারে এটি রোনালদোর ১৮৫তম পেনাল্টি গোল। চার দিন আগেই সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি। দ্রুতই সেই হতাশা ঝেড়ে ফেলে আবারও জালের দেখা পেলেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাঁর ১১তম গোল।

রোনালদোর গোলের ১০ মিনিট পরই মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করেছিলেন রোনালদো, তবে আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় ভিএআরের  সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেপরোয়া ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল সাদের গোলদাতা মোহাম্মদ ওয়াদ। ফলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরের জয়সূচক গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স।

উল্লেখ্য, রোনালদোর ৯৮৭ গোলের হিসাবের মধ্যে গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা একটি বিতর্কিত গোলও অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর নামে নথিভুক্ত করলেও ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করেছে।

 

এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬ দলের দুটি অঞ্চল থেকে শীর্ষ আটটি করে দল শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত