নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হন একজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর পুলিশ ও এসআরবির অভিযানে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান এ কথা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি বলেন, তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়ে এ বিষয়ে পরে ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের পর তার আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ গুলি করলে তার পায়ে লাগে।

এর আগে রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ গেলে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত