রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম হাওলাদার (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রিকশার তিন যাত্রী। আহতরা হলেন, বশির উদ্দিন (৩৩), রুবেল হোসেন (৩১) ও মো. আলআমিন (৩০)।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম।
আহত বশির উদ্দিনের স্ত্রী মোছা. নুপুর আক্তার জানান, তাদের বাসা শনিরআকড়া বাগানবাড়ি এলাকায়। আহত আলআমিন ও রুবেল আত্মিয়। সকালে বশির অটোরিকশায় করে তাদের দুজনকে নিয়ে বাসার সামনে থেকে রায়েরবাগ বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে গেলে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
তিনি আরও জানান, বশিরের পা ভেঙে গেছে। এছাড়া রুবেলের কান, হাত ও আলআমিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, নিহত মাসুম হাওলাদারের ভাই হামিম হাওলাদার জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর থানার মন্ডপাশা গ্রামে। বাবার নাম হারুন হাওলাদার। বর্তমানে রায়েরবাগ মসজিদের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন মিনি। সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, সকালে রায়েবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন হাসপাতালে আসে। এর মধ্যে রিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় মারা যান। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।