উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) উদ্যোক্তা উন্নয়নবিষয়ক উদ্যোগ এনএসইউ স্টার্টআপস নেক্সটের আয়োজনে ‘স্টার্টআপস আনপ্লাগড’ শীর্ষক একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) এনএনইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত মতবিনিময় পর্বে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সিদ্ধার্থ গোস্বামী।

দেশে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে কাজের অভিজ্ঞতা তুলে ধরে আলোচক সিদ্ধার্থ গোস্বামী নতুন উদ্যোগ পরিচালনার অনিশ্চয়তা মোকাবিলা, কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উদ্যোগের অগ্রগতি ধরে রাখার বিষয়ে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

অনুষ্ঠানটি টাউন হল আলোচনার আদলে আয়োজন করা হয়। যেখানে উদ্যোক্তারা সরাসরি প্রশ্ন করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ পান। আলোচনায় স্টার্টআপের কৌশল নির্ধারণ, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বাংলাদেশের পরিবর্তনশীল উদ্যোক্তা পরিবেশে ব্যবসা সম্প্রসারণের বাস্তব চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

অংশগ্রহণকারীরা আলোচনাটিকে বাস্তব অভিজ্ঞতানির্ভর ও খোলামেলা বলে অভিহিত করেন।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগসংক্রান্ত বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়ার পাশাপাশি অন্য উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সমাজে উন্মুক্ত জ্ঞানচর্চা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও এই আয়োজনটি উদ্যোক্তাদের মধ্যে পরামর্শভিত্তিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এনএসইউ স্টার্টআপস নেক্সট-এর অঙ্গীকারের প্রতিফলন।

সর্বশেষ সর্বাধিক পঠিত