জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব, বিনিয়োগ, ব্যবসায়িক আস্থা এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের উদ্যোগে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ৮০১-এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম। সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

সেমিনারে সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং করপোরেট কার্যক্রমে জাতীয় বাজেটের প্রভাব নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশ থেকে পুঁজি পাচার, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট এবং দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার অসামঞ্জস্য, রপ্তানি বহুমুখীকরণ, তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা এবং এলডিসি উত্তরণের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন করেন।

এ ছাড়া করব্যবস্থার পরিধি বাড়ানো, তরুণ উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তি ব্যবহারে ব্যবসাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সরকার, শিক্ষাঙ্গন ও করপোরেট খাতের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতিগত আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত