কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা পোল্ট্রি মুরগির বার্ড ফ্লু প্রতিরোধী ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে ককশিটের ১১টি কার্টনে রাখা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। ভ্যাকসিনগুলো পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভ্যাকসিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর তাঁদের ভ্যাকসিনসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।