নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর আলোকিতে এ সংলাপের আয়োজন করা হয়।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতিত্বে উইমেন অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি (এলসিজি ওয়েজ) এবং জাতিসংঘ বাংলাদেশ যৌথভাবে ‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।
বুধবার (২৫ নভেম্বর) থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলা এবারের বৈশ্বিক প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।
এ লক্ষ্য অর্জনে আইন শক্তিশালী করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংলাপে সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, প্রযুক্তি খাতের প্রতিনিধি, তরুণ ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি নারী ও মেয়েশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ঘর, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে সহিংসতা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। আইনের কার্যকর বাস্তবায়ন, জবাবদিহি, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং নির্যাতনের শিকার ব্যক্তিকেন্দ্রিক বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও মানসিকতার পরিবর্তনও জরুরি।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বৈষম্যমূলক আইন, সেবা পেতে বাধা এবং যৌন হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কাজ করতে হবে। বাংলাদেশে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের জন্য প্রায় এক কোটি (১০ মিলিয়ন) ইউরো আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে দুটি বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলোচনায় আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক রীতিনীতি মোকাবিলায় আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে সরকার, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সহিংসতা প্রতিরোধ, সেবা প্রদান এবং জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
দ্বিতীয় প্যানেল আলোচনায় প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা, অনলাইনে নারীর নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতাকে শুধু সাইবার নিরাপত্তার সমস্যা হিসেবে নয়, মানবাধিকার ইস্যু হিসেবেও দেখতে হবে।
ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপিটান বলেন, সংলাপের সুপারিশগুলো বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকর সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার এবং দায়মুক্তির অবসানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম চলবে।