সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল বুধবার সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। নিহতরা হলেনমোটরসাইকেল চালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাদের দুজনের বাড়ি ধুনট উপজেলায়। ধুনট পুলিশ জানায়, দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে আসছিলেন ওই দুজন। এ সময় ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মাঠপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।  দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মাঠের পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথিমধ্যে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মুন্সীগঞ্জের সিরাজদীখানে যাত্রীবোঝাই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার সিরাজদীখান বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইকচালক আলমগীর একই উপজেলার আবিরপাড়া গ্রামের প্রয়াত আমিন উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজদীখান পরিবহনের একটি বাস বাজার সড়কে ধীরগতিতে চলছিল। এ সময় বাসটির পাশ দিয়ে এগোচ্ছিল মোটরবাইক। কিন্তু সামনে অন্য একটি অটোরিকশা থাকায় আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ওপর ছিটকে পড়ে যান বাইকচালক। আর পাশে থাকা ধীরগতিতে ওই বাসটির চাকা বাইক চালকের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত