বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এই দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে এ প্রস্তাব দেয় ইউএসটিআর। এর ফলে ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তবে এর আগে প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কবে নাগাদ শুল্ক আরোপ হবে, তা ইউএসটিআর বা মার্কিন প্রশাসন অবশ্য জানায়নি।

ইউএসটিআরের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ বিষয়ে তাদের সিদ্ধান্তের পক্ষে প্রতিটি দেশের জন্য আলাদা প্রতিবেদনও প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। তবে এ মুহূর্তে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি।

গত মার্চ মাস থেকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের একাধিকবার শুনানি করা হয়। তদন্ত শেষে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসটিআর। বর্তমানে বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত