নিলামের পর গোপনে সরানো হলো বই

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউনে থাকা পুরনো বই বিক্রির প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসা, নিলাম কমিটির সদস্যদের কার্যক্রম সম্পর্কে অবহিত না রাখা এবং সাপ্তাহিক ছুটির দিন ভোরে গোডাউন থেকে বই সরিয়ে নেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। ১৭ টাকা কেজি দরে প্রায় দেড় টন বই বিক্রি করা হলেও নিলাম ও বই হস্তান্তরের প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত শনিবার সকাল ৭টার দিকে একটি ট্রাকে করে গোডাউন থেকে পুরনো বই সরিয়ে নেওয়া হয়। অথচ নিলাম কমিটির দুই সদস্য জানিয়েছেন, নিলাম কখন হয়েছে, কারা অংশ নিয়েছেন কিংবা বই ওজনের সময় কী ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। তাদের দাবি, কমিটিতে তাদের নাম রাখা হলেও কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বই ট্রাকে তোলার সময় স্থানীয় এক ব্যক্তি এর কারণ জানতে চান। তখন উপস্থিত বইয়ের ক্রেতা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ছুটির দিন ভোরে বই সরানো এবং এ সময় ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

অনুসন্ধানে জানা যায়, পুরনো বই বিক্রির জন্য গত ১৫ অক্টোবর তিন সদস্যের একটি নিলাম কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানকে। সদস্য করা হয় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিককে। এরপর ১৮ অক্টোবর নিলাম ডাক হলে চারটি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৭ টাকা কেজি দরে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন ‘মেসার্স ভাই ভাই পেপার হাউজ’-এর স্বত্বাধিকারী চান মিয়া। গত ২ নভেম্বর তাকে কার্যাদেশ দেওয়া হয়। এর ১৯ দিন পর গত ২১ নভেম্বর সকাল ৭টার দিকে গোডাউন থেকে বই সরিয়ে নেওয়া হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস ও অফিস সহায়ক সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন। নিলাম কমিটির সদস্য চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের কেবল নামমাত্র কমিটিতে রাখা হয়েছিল। নিলাম কবে অনুষ্ঠিত হয়েছে কিংবা কারা এতে অংশ নিয়েছেন, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এমনকি পুরনো বই ওজন বা পরিমাপের সময়ও তাদের উপস্থিত রাখা হয়নি।

কমিটির আহ্বায়ক উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বই পরিমাপের সময় তিনি একবার উপস্থিত ছিলেন। তবে পরিমাপের পুরো সময় মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন। বিষয়টি জানার পর গত রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনকে পাওয়া যায়নি। এ সময় অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস পুরনো বই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানান।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘সামান্য কিছু বই বিক্রি করা হয়েছে। এগুলো পচা কাজ।’ ছুটির দিন ভোরে বই সরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে বই নেওয়ার কারণটা হলো ওরা যাতে করে যানজটটা কভার করতে পারে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, সরকারি রেট অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে কেজি দরে পুরনো বই বিক্রির জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত