সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন ও দাবির পর অবশেষে তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেছে মজুরি বোর্ড। এরই মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে আজ স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে সকাল থেকেই দল বেঁধে শ্রমিকরা কারখানার দিকে আসছেন এবং কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই কর্মস্থলে প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সার্বিক পরিস্থিতির বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ সকাল থেকে শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব স্বাভাবিক আছে।

তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা এখনো বন্ধ রয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক ২১টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ২২টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
​
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শিল্পাঞ্চলে বর্তমানে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত