সুকৃতি মণ্ডলের জন্মদিনে বিএমজেপির শুভেচ্ছা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের ৫৩তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

১৯৭৩ সালের ২৬ নভেম্বর (বাংলা ১০ অগ্রহায়ণ ১৩৮০) সকালে জন্মগ্রহণ করেন সুকৃতি কুমার মণ্ডল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলের মহাসচিব দিলীপ কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিনের এই লগ্নে সভাপতির সংগ্রামী অনুভূতি—যেখানে তিনি জীবনপথ চলা, পাওয়া-নাপাওয়ার বেদনা নিয়ে সময়ের সাথে সংঘর্ষ এবং শত বাধা ও বেদনার মধ্যেও ‘হার মানা’ শব্দটিকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন—তা দলীয় নেতাকর্মীদের জন্য গভীর তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভাপতির এই অদম্য মনোবল ও সংগ্রামী মানসিকতা দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে তার নেতৃত্ব আগামী দিনেও দলকে এগিয়ে নেবে বলে দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে সুকৃতি কুমার মণ্ডলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত