মাদারীপুরের কালকিনিতে জাল টাকাসহ মো. ইয়াছিন বেপারী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কালকিনি পৌর এলাকার জুরগাঁও বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ইয়াছিন বেপারী বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. মোতালেব বেপারীর ছেলে। আজ দুপুরে জুরগাঁও বাজারের একটি দোকানে ওষুধ কিনতে গিয়ে তিনি একটি জাল নোট দেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন তাঁর কাছে তল্লাশি চালিয়ে এক হাজার ও পাঁচশ টাকা মূল্যমানের দুটি জাল নোট পান।
এ সময় আটক যুবক দাবি করেন, তার সঙ্গে থাকা জাল টাকার মূল কারবারি হিসেবে পরিচিত আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পরে খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, জাল টাকাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কালকিনিতে জাল টাকার কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।