চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) বিনিয়োগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরেছে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি (আইবিএ)। অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে অগ্রগতির পাশাপাশি বিনিয়োগকারীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগের কথাও জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের এই শিল্পাঞ্চল দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে।
এ লক্ষ্য সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দিনব্যাপী এনএসইজেডের বিভিন্ন শিল্পকারখানা, পানি শোধনাগার, জেটি ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি। কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত করা হয়। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের বাস্তব অগ্রগতি, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রথম দিনের কর্মসূচিতে প্রিমিটেক প্যাকেজিং কারখানা, এসকিউ গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচিতে পরিদর্শন করা হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন জেটি, সামুদা ফুড প্রোডাক্টস ও সংশ্লিষ্ট গ্রুপের কারখানা, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিল্পকার্যক্রম। পাশাপাশি পর্যবেক্ষণ করা হয় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতি।
পরিদর্শন কার্যক্রমের আগে বুধবার দুপুরে এনএসইজেডের প্রশাসনিক ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থনৈতিক অঞ্চলের সার্বিক উন্নয়ন, বিনিয়োগ পরিস্থিতি, অবকাঠামোগত অগ্রগতি, শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির সদস্য ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ।
তিনি বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে একটি বিনিয়োগবান্ধব, আধুনিক ও কার্যকর শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পায়নের জন্য শুধু জমি বরাদ্দ যথেষ্ট নয়; বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
অবকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরে সালেহ আহমেদ জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাইড প্রকল্পের আওতায় অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৩৭ কিলোমিটার সড়ক, ১২২ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন, ৪২ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং ২২ কিলোমিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রয়োজন বিবেচনায় চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। এসব অবকাঠামো শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদ্যুৎ সরবরাহকে শিল্পায়নের অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গ্রিড সাবস্টেশনে ২০০ মেগাওয়াট বিদ্যুতের সংস্থান রয়েছে। বর্তমানে এই জোগান চাহিদার চেয়ে বেশি। তবে ভবিষ্যতে শিল্পকারখানার সংখ্যা ও উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়বে।’
এ কারণে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির উৎস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চলের প্রায় তিন হাজার ৯০০ একর জমিতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে আরও ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি শিল্পকারখানায় জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়বে এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হবে।
তবে সম্ভাবনার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলটির কিছু বাস্তব সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন আইবিএর এই কর্মকর্তা। তাঁর মতে, নিরাপত্তা, যাতায়াত, সড়ক যোগাযোগ, শ্রমিকদের আবাসন এবং ইউটিলিটি সেবার ক্ষেত্রে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের সমস্যা শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলছে। বিপুলসংখ্যক শ্রমিকের জন্য পরিকল্পিত আবাসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা গড়ে তোলা গেলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো অর্থনৈতিক অঞ্চলকে সীমানাপ্রাচীরের আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে কয়েকটি পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব সংযোগ সড়ক বাস্তবায়িত হলে শ্রমিকদের যাতায়াত এবং কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা এবং বিনিয়োগকারীদের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
শিল্পায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পানি সরবরাহ। বর্তমানে উৎপাদনে থাকা কারখানাগুলোর পানির চাহিদা পূরণে ৩৮টি গভীর নলকূপ ব্যবহার করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিকল্পিত ও কেন্দ্রীয় পানি সরবরাহব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএসইজেড পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্পের পরিচালক এবং উপসচিব হেলাল আহম্মদ জানান, পানি শোধনাগার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতায় ৯ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও এক মিটার ব্যাসের ডাকটাইল আয়রন (ডিআই) পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। এর মাধ্যমে নদীর পানি শোধনাগারে আনা হবে। পরিশোধনের পর পাইপলাইনের সাহায্যে উৎপাদনে থাকা শিল্পকারখানাগুলোতে পানি সরবরাহ করা হবে।
তিনি জানান, ২০২৬ সালের মার্চ মাসে শোধনাগারটি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। জুন থেকে এটি থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বা পাঁচ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। শিল্পকারখানার ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নতুন কারখানা চালুর সঙ্গে সঙ্গে আরও ৫০ মিলিয়ন লিটার পানির একটি প্ল্যান্ট তৈরির কাজ চলবে। এটি আগামী ৩–৪ বছরের মধ্যে পানি সরবরাহ শুরু করবে। এ ছাড়া মেঘনা নদী থেকে পাইপলাইনে পানি আনা হবে। সময়ের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে গভীর নলকূপের ওপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।
এদিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৭০০ কোটি টাকা বাজেটে কার্গো ও প্যাসেঞ্জার জেটি নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জেটি নির্মাণকাজের প্রকল্প পরিচালক এএসএম আশরাফুজ্জামান বলেন, ‘জেটিটি ব্যবহার করে ৮ মিটার ড্রাফটের ছোট জাহাজে পণ্য পরিবহন করা যাবে। জেটির মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি পণ্য উত্তোলন করতে পারবেন, যা রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের জন্য সুবিধাজনক।’
‘এ জেটিতে কার্গোর পাশাপাশি প্যাসেঞ্জার টার্মিনালও থাকবে। একই আদলে একটি প্যাসেঞ্জার জেটি সন্দ্বীপেও করা হচ্ছে। এ দুটি জেটির মাধ্যমে সন্দ্বীপের জনশক্তি ও ফল-ফসল এনএসইজেডের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। চলতি বছরের এপ্রিলে কাজ শুরু হওয়া জেটিটি ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ পুরোদমে চালু হবে,’ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুই দিনের এ পরিদর্শন কর্মসূচিতে আইবিএর কর্মকর্তাদের বক্তব্য ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমে অর্থনৈতিক অঞ্চলটির অগ্রগতির চিত্র যেমন উঠে এসেছে, তেমনি বিনিয়োগ সম্প্রসারণের পথে থাকা সীমাবদ্ধতাগুলোও সামনে এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শুধু দেশের বৃহৎ শিল্পায়ন প্রকল্প হিসেবেই নয়, কর্মসংস্থান, রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হবে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সাইফুর রহমান বলেন, এ পর্যন্ত ১৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ৫টি প্রতিষ্ঠান ট্রায়াল পিরিয়ডে রয়েছে। আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলছে। অর্থাৎ, প্লট বরাদ্দের পাশাপাশি বাস্তব উৎপাদন ও নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রেও অর্থনৈতিক অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। এনএসইজেডে বর্তমানে কারখানা, ম্যানেজমেন্ট, বিনিয়োগ বাংলাদেশ ও বেপজা মিলিয়ে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন কারখানাগুলোর নির্মাণকাজ শেষ হয়ে উৎপাদন শুরু হলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগের চিত্রেও উঠে এসেছে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ। সর্বশেষ হিসাব অনুযায়ী, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় বিনিয়োগের পরিমাণ ২ হাজার ৯৭ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার। এ পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলটির প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি উন্নয়ন করা হয়েছে।